পর্দা নামলো বইমেলার

- মনিটর রিপোর্ট  Date: 01 March, 2025
পর্দা নামলো বইমেলার

ঢাকাঃ হাজারো বইপ্রেমী লেখক, পাঠক, প্রকাশক ও দর্শনার্থীদের এক বছরের অপেক্ষায় রেখে পর্দা নামল বাঙালির প্রাণের অমর একুশে বইমেলার। 

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বইমেলার শেষদিনে গিয়ে দেখা যায়, সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় সকাল থেকেই ছিল শিশু-কিশোর সহ  নানান বয়সী মানুষের আনাগোনা। এর পর থেকেই বইপ্রেমীরা ভিড় জমাতে শুরু করেন মেলা প্রাঙ্গণে। সন্ধ্যায় মানুষের সেই ভিড় জনস্রোতে রূপ নেয়। এদিন মেলায় আসা প্রায় সব পাঠকের হাতেই ছিল ব্যাগভর্তি বই।

এবারের বইমেলার সারা মাসের বিক্রির বিষয়ে একাধিক প্রকাশক ও বিক্রয় প্রতিনিধি জানান, গত কয়েকটি বইমেলা শুরু থেকেই জমে উঠলেও এবারের মেলা শুরু থেকে সেভাবে জমেনি। তা ছাড়া এবারে পাঠকদের চেয়ে দর্শনার্থীদের আনাগোনাই বেশি ছিল। মাসজুড়েই বইয়ের বিক্রি ওঠানামা করেছে। তবে মেলা শেষের ক’দিন বিক্রি কিছুটা ভালো হয়। 

এদিকে, এবারের বইমেলায় পুরো বিক্রির হিসাবে দিতে পারেনি বাংলা একাডেমি। বাংলা একাডেমি সচিব ড. মো. সেলিম রেজা বলেন, বাংলা একাডেমি থেকে পাঠানো ফর্মে প্রকাশকরা বিক্রির তথ্য না দেওয়ায় এবারের বইমেলায় পুরো বই বিক্রির হিসাব দেওয়া যায়নি।

অনুষ্ঠানে কবি জসীমউদদীন সাহিত্য পুরস্কার ২০২৫ এবং সৈয়দ ওয়ালীউল্লাহ্ সাহিত্য পুরস্কার ২০২৪ প্রদান করা হয়। বাংলা একাডেমির ‘কবি জসীমউদদীন সাহিত্য পুরস্কার ২০২৫’-এ ভূষিত হয়েছেন কবি আল মুজাহিদী এবং ‘সৈয়দ ওয়ালীউল্লাহ্ সাহিত্য পুরস্কার ২০২৪’-এ ভূষিত হয়েছেনÑ অধ্যাপক হান্স হার্ডার ও কথাশিল্পী বর্ণালী সাহা।

গুণীজন স্মৃতি পুরস্কার ২০২৫ : বইমেলা ২০২৫ উপলক্ষে এদিন বাংলা একাডেমি পরিচালিত চিত্তরঞ্জন সাহা স্মৃতি পুরস্কার, মুনীর চৌধুরী স্মৃতি পুরস্কার, রোকনুজ্জামান খান দাদাভাই স্মৃতি পুরস্কার এবং শিল্পী কাইয়ুম চৌধুরী স্মৃতি পুরস্কার প্রদান করা হয়।

চিত্তরঞ্জন সাহা স্মৃতি পুরস্কার : ২০২৪ সালে প্রকাশিত বিষয় ও গুণমানসম্মত সর্বাধিক সংখ্যক বই প্রকাশের জন্য প্রকাশনা প্রতিষ্ঠান কথাপ্রকাশকে চিত্তরঞ্জন সাহা স্মৃতি পুরস্কার-২০২৫ দেওয়া হয়।

মুনীর চৌধুরী স্মৃতি পুরস্কার : ২০২৪ সালে প্রকাশিত বইয়ের মধ্য থেকে গুণমান ও শৈল্পিক বিচারে সেরা বইয়ের জন্য প্রকাশনা প্রতিষ্ঠান পাঠক সমাবেশ (প্লেটো : জীবন ও দর্শন-আমিনুল ইসলাম ভুইয়া), ঐতিহ্য (ভাষাশহিদ আবুল বরকত : নেপথ্য-কথা-বদরুদ্দোজা হারুন) এবং কথাপ্রকাশকে (গোরস্তানের পদ্য : স্মৃতি ও জীবনস্বপ্ন-সিরাজ সালেকীন) মুনীর চৌধুরী স্মৃতি পুরস্কার ২০২৫ প্রদান করা হয়। এ ছাড়াও রোকনুজ্জামান খান দাদাভাই স্মৃতি পুরস্কার : ২০২৪ সালে গুণমান বিচারে সর্বাধিক সংখ্যক শিশুতোষ বই প্রকাশের জন্য প্রকাশনা প্রতিষ্ঠান কাকাতুয়াকে রোকনুজ্জামান খান দাদাভাই স্মৃতি পুরস্কার ২০২৫ দেওয়া হয়।

সমাপনী অনুষ্ঠান : গতকাল বিকাল ৫টায় মেলার মূলমঞ্চে সমাপনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম। প্রতিবেদন উপস্থাপন করেন ‘অমর একুশে বইমেলা ২০২৫’-এর সদস্যসচিব ড. সরকার আমিন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এবং সভাপতিত্ব করেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক।

অধ্যাপক মোহাম্মদ আজম বলেন, ’৫২-এর ভাষা আন্দোলনকে স্মরণ করেই আমরা প্রতিবছর ফেব্রুয়ারি মাসব্যাপী বইমেলার আয়োজন করি। আগামী দিনগুলোতে জন-আকাক্সক্ষার সঙ্গে সঙ্গতি রেখে বইমেলাকে কী করে আরও সুন্দর করা যায়, সেই বিষয়টি আমাদের বিবেচনা করতে হবে।

সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ২৪-এর অভ্যুত্থানপরবর্তী বাংলাদেশে সাংস্কৃতিক অঙ্গনে কিছু অস্থিরতা সত্ত্বেও এ বছর আমরা বইমেলার আয়োজন করেছি। ভবিষ্যতে বইমেলাকে নতুন আঙ্গিকে, নতুন মাত্রায় আয়োজনের ব্যবস্থা করতে হবে এবং বাংলা একাডেমিকে নতুন চিন্তাচেতনার ধারক একটি গতিশীল প্রতিষ্ঠানে পরিণত করতে হবে।

-B

Share this post



Also on Bangladesh Monitor