হজ ফ্লাইট শুরু ২৯ এপ্রিল

- মনিটর রিপোর্ট  Date: 19 February, 2025
হজ ফ্লাইট শুরু ২৯ এপ্রিল

ঢাকাঃ চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন হতে পারে পবিত্র হজ। এ বছর বাংলাদেশ থেকে হজযাত্রীদের পরিবহনে আগামী ২৯ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু হবে। 

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর আগারগাঁওয়ের পর্যটন ভবনে ‘সুষ্ঠু হজ ব্যবস্থাপনা সংক্রান্ত সভায়’ জানানো হয়, ২৯ এপ্রিল থেকে ৩১ মে পর্যন্ত হজ ফ্লাইট পরিচালিত হবে।

সভায় আরও বলা হয়, এ বছর বাংলাদেশ থেকে ৮৭ হাজার ১০০ জন হজযাত্রী পবিত্র হজ পালনের জন্য সৌদি আরব যাবেন। তাদের মধ্যে ৪৩ হাজার ৫৫০ জনকে বিমান বাংলাদেশ এয়ারলাইনস এবং বাকি ৪৩ হাজার ৫৫০ জনকে সৌদিয়া এয়ারলাইনস ও ফ্লাইনাস এয়ারলাইনস পরিবহন করবে। এবার হজযাত্রীদের জন্য ফ্লাইট ভাড়া নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৭ হাজার ৮২০ টাকা। হজযাত্রীদের পরিবহন ব্যবস্থাপনার অংশ হিসেবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস মোট হজযাত্রীর ৫০ শতাংশ এবং সৌদিয়া এয়ারলাইন্স ৩৫ শতাংশ ও ফ্লাইনাস এয়ারলাইনস ১৫ শতাংশ হজযাত্রী পরিবহন করবে। সভায় ফ্লাইট সিডিউল, বিদেশে রেজিস্ট্রেশনকৃত বাংলাদেশিদের

হজ ফ্লাইট, প্রতিটি ফ্লাইট পরবর্তী যাত্রী সংখ্যা ও অন্যান্য তথ্য পোর্টালে আপলোডকরণ, লাগেজ ব্যবস্থাপনা পর্যালোচনা এবং হজযাত্রীদের পরিবহন সেবা নিশ্চিতকরণে যথাযথ পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়। হজ পরিবহন সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি টাস্কফোর্স ও একটি মনিটরিং কমিটি গঠন করা হয়েছে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহানের সভাপতিত্বে সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়, এয়ারলাইনস, হজ এজেন্সির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

-B

Share this post



Also on Bangladesh Monitor