৫ মার্চের মধ্যে সব হজযাত্রীর ভিসা সম্পন্ন করতে মন্ত্রণালয়ের চিঠি

-মনিটর রিপোর্ট Date: 26 February, 2026
৫ মার্চের মধ্যে সব হজযাত্রীর ভিসা সম্পন্ন করতে মন্ত্রণালয়ের চিঠি

ঢাকাঃ আগামী ৫ মার্চের মধ্যে সকল হজযাত্রীর ভিসা প্রক্রিয়া সম্পন্ন করতে ৩০টি বড় হজ এজেন্সিকে চিঠি পাঠিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। 

বুধবার (২৫ ফেব্রুয়ারি) ৩০টি এজেন্সির কাছে চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা, টিকা গ্রহণ এবং গ্রুপিং সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে। 

বর্তমানে এই ৩০টি এজেন্সির অধীনে মোট ৭ হাজার ৩৫৫ জন হজযাত্রীর স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হওয়া বাকি রয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ১ হাজার ৩০৬ জন হজযাত্রীর স্বাস্থ্য পরীক্ষা বাকি রয়েছে বাংলাদেশ ওভারসিজ সার্ভিসেস-এর এবং সর্বনিম্ন ১০ জন বাকি রয়েছে এহসান এয়ার ট্রাভেলস-এর। 

চিঠিতে উল্লেখ করা হয়, সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের সময়সূচি অনুযায়ী আগামী ২০ মার্চের মধ্যে হজযাত্রীদের ভিসা প্রক্রিয়াকরণ শেষ করতে হবে। ভিসা আবেদনের আগে স্বাস্থ্য পরীক্ষা শেষে ফিটনেস সনদ সংগ্রহ এবং টিকা গ্রহণ বাধ্যতামূলক। 

ভিসা প্রক্রিয়াকরণের জন্য হজযাত্রীদের গ্রুপ তৈরি ও আনুষঙ্গিক কারিগরি কার্যক্রম সম্পন্ন করে ভিসা পেতে সাধারণত ৫ থেকে ১০ দিন সময় লাগে। তবে কারিগরি জটিলতা দেখা দিলে আরও বেশি সময়ের প্রয়োজন হতে পারে।

এতে আরও জানানো হয়, ২০ মার্চের কাছাকাছি সময়ে ঈদুল ফিতরের ছুটির কারণে বাংলাদেশ ও সৌদি আরব উভয় দেশের সংশ্লিষ্ট অফিসগুলো বন্ধ থাকবে। ফলে ২০ মার্চের অনেক আগেই পর্যাপ্ত সময় হাতে রেখে স্বাস্থ্য পরীক্ষা, টিকা প্রদান ও ভিসা প্রক্রিয়াকরণ সম্পন্ন করা জরুরি। 

-B

Share this post



Also on Bangladesh Monitor