রিয়াদ : রিয়াদ এয়ারের সিইও টনি ডগলাস নিশ্চিত করেছেন, চলতি বছরের শেষ নাগাদ আকাশপথে পরিষেবা শুরু করবে সংস্থাটি। সম্প্রতি মিয়ামিতে এফআইআই প্রায়োরিটি সামিটে তিনি এ ঘোষণা দেন।
টনি ডগলাস বলেন, ‘আমরা এখন ফ্লাইট পরিচালনার প্রস্তুতি নিচ্ছি। বছরের শেষে আপনারা আকাশে রিয়াদ এয়ার দেখতে পাবেন।’
রিয়াদ এয়ার এরই মধ্যে বিভিন্ন অংশীদারত্বের মাধ্যমে পরিচিতি পেয়েছে। এলআইভি গলফের বৈশ্বিক এয়ারলাইনস পার্টনার হিসেবে কাজ শুরু করেছে এবং তাদের উদ্যোগে প্রথমবার সৌদি আরবে সংগীত পরিবেশন করেন শিল্পী জামিলা।
রিয়াদ এয়ারের সেবার মানকে টিডব্লিউএ ও প্যানআমের সঙ্গে তুলনা করেন টনি ডগলাস। আরো জানান, পরিষেবার ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সম্পৃক্তিকে গুরুত্ব দেয়া হচ্ছে।
সংস্থাটি এরই মধ্যে রুট সম্প্রসারণে ডেল্টা এয়ারলাইনস ও সিঙ্গাপুর এয়ারলাইনসের সঙ্গে অংশীদারত্ব চুক্তি করেছে।
৭২টি বোয়িং ৭৮৭ এবং ৬০টি এয়ারবাস এ৩২১নিওর ক্রয়াদেশ অন্তর্ভুক্ত রয়েছে রিয়াদ এয়ারের বহরে। সব মিলিয়ে ২০৩০ সালের মধ্যে ১০০টি আন্তর্জাতিক গন্তব্যে সংযোগের লক্ষ্য নিয়ে এগোচ্ছে রিয়াদ এয়ার।
-B