ঢাকাঃ বিশ্বের বৃহত্তম ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) গভীর রাতে বড় ধরনের কারিগরি বিপর্যয়ের সম্মুখীন হয়। আকস্মিক এই বিভ্রাটের ফলে বিশ্বের বিভিন্ন প্রান্তের লাখ লাখ ব্যবহারকারী দীর্ঘ সময় ধরে ইউটিউব ব্যবহারে চরম ভোগান্তির শিকার হন।
আন্তর্জাতিক বিভিন্ন বার্তা সংস্থা প্রতিবেদনে জানায়, হঠাৎ করেই ইউটিউবের মূল ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ অকার্যকর হয়ে পড়ায় বিপাকে পড়েন এর নিয়মিত গ্রাহকরা।
বিভ্রাট শুরু হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) এক বার্তার মাধ্যমে ইউটিউব কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করে। তারা জানায়, প্ল্যাটফর্মে ভিডিও দেখার ক্ষেত্রে কিছু যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে এবং সংশ্লিষ্ট কারিগরি দল দ্রুত সমস্যাটি সমাধানে কাজ চালিয়ে যাচ্ছে।
এই বিভ্রাটের কারণে ইউটিউবের সাধারণ সেবার পাশাপাশি ইউটিউব মিউজিক এবং ইউটিউব কিডস-এর মতো গুরুত্বপূর্ণ ফিচারগুলোও সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। অনেক ব্যবহারকারী অভিযোগ করেছেন যে, তারা হোমপেজে কোনো ভিডিও দেখতে পাচ্ছিলেন না এবং সার্চ অপশনটিও ঠিকমতো কাজ করছিল না।
ইন্টারনেট ও প্রযুক্তিগত সমস্যা পর্যবেক্ষণকারী জনপ্রিয় ওয়েবসাইট `ডাউনডিটেক্টর` জানিয়েছে, বিভ্রাট চলাকালীন কয়েক ঘণ্টার মধ্যে প্রায় তিন লাখেরও বেশি ব্যবহারকারী তাদের কাছে অভিযোগ জমা দিয়েছেন। গ্রিনিচ মান সময় রাত প্রায় ১টার দিকে পরিস্থিতির কিছুটা উন্নতি হতে শুরু করে এবং অনেক ব্যবহারকারী পুনরায় ভিডিও স্ট্রিমিং করতে সক্ষম হন। যদিও ইউটিউব কর্তৃপক্ষ জানিয়েছে যে তাদের হোমপেজ পুনরায় সচল হয়েছে, তবে সম্পূর্ণ সিস্টেমকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে আরও কিছুটা সময় লাগতে পারে।
গুগল-এর মালিকানাধীন এই প্ল্যাটফর্মটি বর্তমানে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এবং বৃহত্তম ভিডিও শেয়ারিং সাইট। প্রতি মাসে প্রায় আড়াই বিলিয়নেরও বেশি মানুষ তথ্য ও বিনোদনের জন্য এই সেবার ওপর নির্ভর করেন। আধুনিক বিশ্বে ইউটিউব শুধুমাত্র বিনোদনের মাধ্যম নয়, বরং শিক্ষা ও পেশাগত অনেক কাজের অবিচ্ছেদ্য অংশ। ফলে এমন অনাকাঙ্ক্ষিত বিভ্রাট ডিজিটাল যোগাযোগ ব্যবস্থায় বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলেছে বলে মনে করছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।
-B