মুম্বাই: মুম্বই বিমানবন্দরে একই রানওয়েতে দু’টি উড়োজাহাজ চলে আসায় অল্পের জন্য দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলো উড়োজাহাজ দু’টি। শিউরে ওঠা সেই ভিডিয়ো প্রকাশ্যে এসেছে।
জানা যায়, শনিবার (৮ জুন) ইন্ডিগোর একটি উড়োজাহাজ অবতরণ করছিল। আর ঠিক সেই সময় ওই একই রানওয়ে থেকে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট ছেড়ে যাচ্ছিল। ইন্ডিগোর ফ্লাইটটি রানওয়ে ছুঁয়ে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছিল। এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজটি তখনও রানওয়ে ছেড়ে ওড়েনি। এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজের প্রায় কাছাকাছি পৌঁছে গিয়েছিল ইন্ডিগোর উড়োজাহাজটি। কিন্তু তার আগেই রানওয়ে ছেড়ে উড়ে যায় এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজটি।
কী ভাবে এই ঘটনা ঘটলো তা খতিয়ে দেখার জন্য তদন্ত শুরু করেছে ডিরেক্টরেট অফ সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ)। এই ঘটনা নিয়ে যখন শোরগোল পড়ে যায়, তখন ইন্ডিগো এক বিবৃতিতে জানিয়েছে, ইনদওর থেকে মুম্বই আসছিল ৬ই ৬০৫৩ ফ্লাইটটি। মুম্বই এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের (এটিসি) সবুজ সঙ্কেত পেয়েই তাদের ফ্লাইটটি অবতরণ করে।
এই ঘটনার পরই মুম্বই বিমানবন্দরে যাত্রীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিমানবন্দর কর্তৃপক্ষও বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে।
-B