ঢাকাঃ মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানির দাম ঊর্ধ্বমুখীর প্রেক্ষিতে বড় সিদ্ধান্ত নিয়েছে টাটা গোষ্ঠীর মালিকানাধীন উড়োজাহাজ সংস্থা এয়ার ইন্ডিয়া।
সংস্থাটি আগামী জুন থেকে আগস্ট পর্যন্ত একাধিক আন্তর্জাতিক রুটে ফ্লাইট সংখ্যা কমানোর পাশাপাশি কয়েকটি রুটে সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দিয়েছে।
এয়ার ইন্ডিয়া জানিয়েছে, পশ্চিম এশিয়ার অস্থিতিশীল পরিস্থিতির কারণে বিভিন্ন দেশের আকাশসীমায় বিধিনিষেধ জারি হওয়ায় ইউরোপ ও উত্তর আমেরিকাগামী ফ্লাইটগুলোর রুট দীর্ঘ হচ্ছে। একই সঙ্গে বেড়েছে এভিয়েশন টারবাইন ফুয়েল (এটিএফ) বা জেট ফুয়েলের দাম। ফলে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা ব্যয়বহুল ও আর্থিকভাবে চ্যালেঞ্জিং হয়ে উঠেছে।
সংস্থাটি বলছে, যাত্রীদের শেষ মুহূর্তের ভোগান্তি কমানো এবং পুরো নেটওয়ার্ক স্থিতিশীল রাখতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ফ্লাইট সংখ্যা কমানো হলেও প্রতি মাসে ১ হাজার ২০০টির বেশি আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা অব্যাহত থাকবে বলে জানিয়েছে এয়ার ইন্ডিয়া।
এই সিদ্ধান্তে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে উত্তর আমেরিকা ও ইউরোপ রুটে। দিল্লি-শিকাগো এবং দিল্লি-সাংহাই ফ্লাইট অগস্ট পর্যন্ত পুরোপুরি বন্ধ রাখা হচ্ছে। পাশাপাশি চেন্নাই-সিঙ্গাপুর, মুম্বই-ঢাকা এবং দিল্লি-মালে রুটেও ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করা হলো।
শুধু রুট বন্ধই নয়, একাধিক আন্তর্জাতিক ফ্লাইটের সংখ্যাও কমাচ্ছে এয়ার ইন্ডিয়া।
দিল্লি-সান ফ্রান্সিসকো পরিষেবা সপ্তাহে ১০টি থেকে কমিয়ে ৭টি করা হচ্ছে। দিল্লি-টরন্টো ফ্লাইটও জুলাই পর্যন্ত সপ্তাহে ১০টির বদলে ৫টিতে চলবে বলে জানিয়েছে সংস্থাটি । একইভাবে দিল্লি-ভ্যাঙ্কুভার পরিষেবাও ৭ থেকে কমে ৫টি করা হবে।
ইউরোপের ক্ষেত্রেও বড় কাটছাঁট করেছে সংস্থাটি। দিল্লি-প্যারিস রুটে সপ্তাহে ১৪টি ফ্লাইটের বদলে এ বার চলবে ৭টি। পাশাপাশি কোপেনহেগেন, মিলান, ভিয়েনা, জুরিখ ও রোমের ফ্লাইটের সংখ্যাও কমানো হচ্ছে। অস্ট্রেলিয়াগামী পরিষেবাতেও জ্বালানি সাশ্রয়ে কাটছাঁট হয়েছে। দিল্লি-মেলবোর্ন এবং দিল্লি-সিডনি ফ্লাইট সপ্তাহে ৭টির বদলে ৪টি করা হচ্ছে। এ ছাড়া সিঙ্গাপুর, ব্যাংকক, কুয়ালালামপুর, হ্যানয়, কাঠমান্ডু, ঢাকা ও কলম্বো রুটেও পরিষেবা কমাচ্ছে এয়ার ইন্ডিয়া।
সংস্থার তরফে জানানো হয়েছে, যে সব যাত্রীর ফ্লাইট বাতিল বা সময়সূচি পরিবর্তিত হবে, তাঁদের বিকল্প বুকিং, বিনামূল্যে তারিখ পরিবর্তন অথবা সম্পূর্ণ অর্থ ফেরত পাওয়ার সুবিধা দেওয়া হবে। পাশাপাশি পরিস্থিতি স্বাভাবিক হলে পরিষেবা ফের পূর্ণমাত্রায় চালুর চেষ্টা করা হবে বলেও আশ্বাস এয়ার ইন্ডিয়ার।
এর মধ্যেই সোশ্যাল মিডিয়ায় দাবি ওঠে যে এয়ার ইন্ডিয়া নাকি জুলাই পর্যন্ত সমস্ত আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করেছে। তবে সংস্থা সেই দাবি সম্পূর্ণ ভুয়ো ও ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। এয়ার ইন্ডিয়ার স্পষ্ট বক্তব্য, সব আন্তর্জাতিক পরিষেবা বন্ধ হয়নি, শুধুমাত্র কিছু রুটে সাময়িক কাটছাঁট করা হয়েছে।
-B