আগামী বছর ঢাকা থেকে নতুন ৭টি আন্তর্জাতিক রুটে ফ্লাইট শুরুর পরিকল্পনা ইউএস-বাংলার

- মনিটর অনলাইন রিপোর্ট Date: 01 November, 2021
আগামী বছর ঢাকা থেকে নতুন ৭টি আন্তর্জাতিক রুটে ফ্লাইট শুরুর পরিকল্পনা ইউএস-বাংলার

ঢাকাঃ ২০২২ সাল ইউএস-বাংলা এয়ারলাইন্সের জন্য অনেক চ্যালেঞ্জিং একটি বছর হতে যাচ্ছে। গত আট বছরের অভিজ্ঞতাকে সাথে নিয়ে দেশের সর্ববৃহৎ বেসরকারি বিমানসংস্থাটি মধ্যপ্রাচ্চের অন্যতম গন্তব্য জেদ্দা, দাম্মাম, মদিনা, রিয়াদ, শারজাহ ও আবুধাবীতে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা নিয়েছে। এছাড়া আগামী বছরের মধ্যে বাংলাদেশ সিভিল এভিয়েশন ক্যাটাগরি-ওয়ান যদি অর্জন করতে পারে, তাহলে ইউএস-বাংলা এয়ারলাইন্স ২০২৩ সালের মধ্যে ঢাকা থেকে নিউইয়র্কে সরাসরি ফ্লাইট পরিচালনা শুরু করার পরিকল্পনা নিয়েছে।

আজ কক্সবাজারের একটি আভিজাত হোটেলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে কামরুল ইসলাম, মহাব্যবস্থাপক- জনসংযোগ, ইউএস-বাংলা এয়ারলাইন্স এই কথা বলেন।

তিনি আরও জানান, লন্ডন, আমস্টারডাম, রোম, ও প্যারিসসহ ইউরোপের বেশ কয়েকটি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করার পরিকল্পনা রয়েছে ইউএস-বাংলার। ২০২৩ সালের মধ্যে ইউএস-বাংলার বিমান বহরে আরো ৮টি এয়ারবাস ৩২১-এলআর সিরিজের এয়ারক্রাফট যোগ করার পরিকল্পনা রয়েছে। 

আধুনিক বিশ্বের এয়ারলাইন্সগুলোতে সেলফ চেক-ইন করার ব্যবস্থা রয়েছে। সেখানে আমাদের দেশে সেলফ চেক-ইনের কোনো সুযোগ নেই। ইউএস-বাংলা এয়ারলাইন্স খুব শীঘ্রই প্রথমবারের মতো সেলফ চেক-ইনের ব্যবস্থা করতে যাচ্ছে, জানালেন কামরুল ইসলাম। ইউএস-বাংলার ফ্রিকোয়েন্ট ফ্লায়ারদের জন্য ঢাকায় আলাদা চেক-ইন কাউন্টার এর ব্যবস্থা করেছে। ভবিষ্যতে প্রত্যেকটি বিমানবন্দরে স্কাইস্টার গ্রাহকদের জন্য আলাদা চেক-ইন কাউন্টার করার পরিকল্পনা হাতে নিয়েছে।

বর্তমানে বাংলাদেশ ও ভারতের মধ্যে এয়ার বাবল চুক্তির অধীনে ইউএস-বাংলা ঢাকা থেকে কলকাতা ও চেন্নাই রুটে ফ্লাইট পরিচালনা শুরু করেছে। ইতিমধ্যে কলকাতা, চেন্নাই ছাড়াও মধ্যপ্রাচ্যের গন্তব্য দুবাই, দোহা, মাস্কাট, এশিয়ার অন্যতম গন্তব্য সিঙ্গাপুর, কুয়ালালামপুর, ও চীনের গুয়াংজুতে স্বল্প পরিসরে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা। খুব শীঘ্রই ব্যাংকক রুটেও ফ্লাইট পরিচালনা শুরু করবে ইউএস-বাংলা এয়ারলাইন্স, বলেন বিমানসংস্থার মহাব্যবস্থাপক।

বর্তমান ইউএস-বাংলার বিমান বহরে ৪টি বোয়িং ৭৩৭-৮০০, ৭টি ব্র্যান্ডনিউ এটিআর ৭২-৬০০সহ মোট ১৪ এয়ারক্রাফট রয়েছে।

কামরুল ইসলাম বলেন, ইউএস-বাংলা এয়ারলাইন্স বর্তমানে ধারাবাহিকভাবে সকল ধরনের স্বাস্থ্যবিধি পরিপালন করে সবগুলি অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনা করছে। ৭টি ব্যান্ডনিউ এটিআর ৭২-৬০০ ও তিনটি ড্যাশ৮-কিউ৪০০ এয়ারক্রাফট দিয়ে ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, যশোর, সৈয়দপুর, রাজশাহী ও বরিশাল রুটে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা। এছাড়া বোয়িং ৭৩৭-৮০০ দিয়ে ঢাকা থেকে চট্টগ্রাম ও কক্সবাজার রুটেও ফ্লাইট পরিচালনা করছে।

গত ৩০ সেপ্টেম্বর থেকে দেশে ক্রস কাউন্ট্রি ধারণা থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্স যশোর থেকে চট্টগ্রাম, কক্সবাজার এবং উত্তরবঙ্গের একমাত্র সচল বিমানবন্দর সৈয়দপুর থেকে চট্টগ্রামে সরাসরি ফ্লাইট পরিচালনা শুরু করেছে।

খুব শীঘ্রই সৈয়দপুর থেকে কক্সবাজার, সিলেট থেকে চট্টগ্রাম, কক্সবাজার রুটেও ফ্লাইট শুরুর পরিকল্পনা রয়েছে, জানান কামরুল ইসলাম।

আগামী ১৯ নভেম্বর হতে ঢাকা থেকে মালদ্বীপের রাজধানী মালেতে প্রথমবারের মতো সরাসরি ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে ইউএস-বাংলা। তিনি আরও বলেন, আগামী বছরের শুরুতে ঢাকা থেকে কলম্বো রুটেও ফ্লাইট শুরুর পরিকল্পনা রয়েছে ইউএস-বাংলার।

অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটকে আরো বেশী শক্তিশালী করার লক্ষ্যে নতুন রুট ও ফ্লাইট ফ্রিকোয়েন্সি বৃদ্ধির পরিকল্পনার সাথে চলতি বছরের শেষে এবং আগামী বছরের শুরুতে ইউএস-বাংলা এয়ারলাইন্স এর বিমান বহরে আরো তিনটি বোয়িং ৭৩৭-৮০০ ও ৪টি ব্র্যান্ডনিউ এটিআর ৭২-৬০০ এয়ারক্রাফট বহরে যোগ করতে যাচ্ছে। 

Share this post



Also on Bangladesh Monitor