ঢাকায় শুরু হলো ৩ দিনের আন্তর্জাতিক পর্যটন মেলা 

মনিটর রিপোর্ট Date: 08 February, 2024
ঢাকায় শুরু হলো ৩ দিনের আন্তর্জাতিক পর্যটন মেলা 

ঢাকা  : দেশি-বিদেশি ১০০টির বেশি সংস্থা ও প্রতিষ্ঠানের অংশগ্রহণে ঢাকায় আজ (৮ ফেব্রুয়ারি) উদ্বোধন হয়েছে ‘বিমান-ঢাকা ট্রাভেল মার্ট ২০২৪’ শীর্ষক তিনদিনব্যাপী আন্তর্জাতিক পর্যটন মেলা। 

প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলের বলরুমে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ আতিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

ভ্রমণ ও পর্যটন বিষয়ক প্রকাশনা দি বাংলাদেশ মনিটর আয়োজিত মেলাটির টাইটেল স্পন্সর জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এবং শীর্ষস্থানীয় গ্লোবাল ডিস্ট্রিবিউশন সিস্টেম (জিডিএস) প্রতিষ্ঠান  Sabre মেলার পার্টনার হিসেবে অংশ নিচ্ছে। 

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোঃ মোকাম্মেল হোসেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শফিউল আজিম,এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম, Sabre এর বাংলাদেশ কান্ট্রিহেড সাইফুল হক, ট্যুরিস্ট পুলিশ বাংলাদেশের ডিআইজি মোঃ আবু কালাম সিদ্দিক এবং বাংলাদেশ মনিটরের সম্পাদক কাজী ওয়াহিদুল আলম। 

মেলায় অংশগ্রহণকারীদের মধ্যে রয়েছে জাতীয় পর্যটন সংস্থা, বিভিন্ন এয়ারলাইনস, ট্যুর অপারেটর, হোটেল, রিসোর্ট, ট্রাভেল এজেন্সি, আর্থিক প্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও অন্যান্য পর্যটন–সংশ্লিষ্ট প্রতিষ্ঠান। 

মেলা চলাকালীন অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো তাদের পন্য ও সেবার ওপর দর্শনার্থীদের জন্য বিশেষ মূল্যছাড় অফার করছে। মূল্যছাড়ের আওতায় রয়েছে এয়ার টিকিট, হোটেল ও রিসোর্ট আবাসন, ভ্রমণ প্যাকেজ ইত্যাদি।

পর্যটন মেলাটি প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৮টা পর্যন্ত চলবে এবং ভিজিটরদের জন্য প্রবেশ মূল্য রাখা হয়েছে জনপ্রতি ৫০টাকা। 

মেলার সমাপনি দিনে ভিজিটরদের উপস্থিতিতে এন্ট্রি টিকিটের ওপর গ্র্যান্ড রাফেল ড্র অনুষ্ঠিত হবে। রাফেল পুরস্কারের মধ্যে থাকবে জেদ্দা/ মদীনা, মালদ্বীপ, দুবাই, ব্যাংকক, দিল্লী, মুম্বাই, কলকাতা, কক্সবাজার, সিলেট এবং চট্রগ্রাম ভ্রমণের জন্য রিটার্ণ টিকিট; ঢাকা, চট্রগ্রাম, সিলেট, বান্দরবান এবং কুয়াকাটায় বিভিন্ন তারকা হোটেল ও রিসোর্টে আবাসন, দুজনের জন্য ডিনার কুপন ইত্যাদি।

বাংলাদেশ মনিটর ২০০২ সালে দেশের প্রথম আন্তর্জাতিক পর্যটন মেলা ‘ঢাকা ট্রাভেল মার্ট’ প্রবর্তন করে। পরবর্তীতে মেলাটি প্রতি বছর অনুষ্ঠিত হয়ে আসছে। এবারের মেলাটি ঢাকা ট্রাভেল মার্টের ১৯তম সংস্করণ।


-B

Share this post



Also on Bangladesh Monitor