আবুধাবির পর্যটন খাতে ৩৭ হাজার নতুন কর্মসংস্থান

- মনিটর অনলাইন  Date: 05 January, 2025
আবুধাবির পর্যটন খাতে ৩৭ হাজার নতুন কর্মসংস্থান

আবুধাবি : সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির পর্যটন খাতে ২০২৪ সালে ৩৭ হা্জার নতুন কর্মসংস্থান তৈরি হয়েছে। বৈশ্বিক ক্যাম্পেইনের কারণে পর্যটকরা শহরটির হোটেল, রেস্টুরেন্ট ও আকর্ষণীয় স্থানগুলোয় ভিড় জমাচ্ছে। এতে তৈরি হওয়া বাড়তি চাহিদার কারণে কর্মসংস্থান বেড়েছে। 

আবুধাবির সংস্কৃতি ও পর্যটন বিভাগের আন্ডারসেক্রেটারি সাউদ আল হোসানি জানিয়েছেন, ২০২৪ সালে পর্যটন খাতে মোট চাকরির সংখ্যা ২ লাখ ২৫ হাজারে পৌঁছতে যাচ্ছে, যা গত বছর ছিল ১ লাখ ৮৮ হাজার।

বিভাগটির পূর্বাভাস মতে, ২০২৫ সালের শেষ নাগাদ ইউএইর নাগরিকদের (এমিরাতি) চাকরির বাজারে অংশগ্রহণ ১০ শতাংশ বাড়বে, যা বর্তমানে প্রায় ৩ শতাংশ। এর মাধ্যমে নাগরিকদের পর্যটনসংশ্লিষ্ট কাজের প্রতি উৎসাহিত করা হবে।

আল হোসানি বলেন, ‘আমরা বিশ্বাস করি, এমিরাতিদের আতিথেয়তা পর্যটন খাতে ভিন্ন অভিজ্ঞতা আনতে পারবে। নতুন প্রজন্মের মধ্যে আতিথেয়তা খাতে কাজ করার ইচ্ছা ও ধারণার পরিবর্তন ঘটছে।’

আবুধাবির পর্যটন খাত ২০২৪ সালে ৫ হাজার ৫০০ কোটি দিরহাম (১ হাজার ৪৯৭ কোটি ডলার) আমিরাতের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) অবদান রাখবে বলে পূর্বাভাস দেয়া হয়েছে, যা গত বছর ছিল ৪ হাজার ৬০০ কোটি দিরহাম। ২০৩০ সালের মধ্যে জিডিপিতে এ খাতে অবদান ৯ হাজার কোটির বেশি দিরহামে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলে জানান আল হোসানি।

-B

Share this post



Also on Bangladesh Monitor