ঢাকা : রাজধানীতে চলছে ২ দিনব্যাপী ‘স্টাডি ইন মালয়েশিয়া’ এডুকেশন এক্সপো বাংলাদেশ ২০২৬।
বাংলাদেশের শিক্ষার্থী, অভিভাবক ও পেশাজীবীদের কাছে মালয়েশিয়ার উচ্চশিক্ষা বিষয়ে সরাসরি ও নির্ভরযোগ্য তথ্য পৌঁছে দিতে এই আয়োজন করেছে মালয়েশিয়ার উচ্চশিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ প্রতিষ্ঠান এডুকেশন মালয়েশিয়া গ্লোবাল সার্ভিসেস (ইএমজিএস)।
শুক্রবার (৮ মে) রাজধানীর বনানীর হোটেল সারিনায় এক্সপোটির উদ্বোধন করেন মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ সুহাদা ওসমান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইএমজিএস-এর দক্ষিণ এশিয়া প্রধান এবং মালয়েশীয় প্রতিনিধিদলের নেতা মঈন উদ্দিন আহমেদ খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
আয়োজকরা জানান, এবারের এক্সপোতে মালয়েশিয়ার ১২টি প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় অংশ নিচ্ছে, যার মধ্যে ৪টি সরকারি বিশ্ববিদ্যালয়। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো ডিপ্লোমা, স্নাতক, মাস্টার্স, পিএইচডি এবং পোস্ট-ডক্টরাল পর্যায়ের বিভিন্ন প্রোগ্রামের তথ্য তুলে ধরছে।
বিশেষ করে উচ্চশিক্ষা ও গবেষণাভিত্তিক পড়াশোনায় আগ্রহী বাংলাদেশি পেশাজীবীদের জন্য এই আয়োজনকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন সংশ্লিষ্টরা। তাদের মতে, মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয়গুলো আন্তর্জাতিক মানের গবেষণা পরিবেশ, অভিজ্ঞ তত্ত্বাবধান এবং শিল্প-সংযুক্ত প্রকল্পে কাজের সুযোগ প্রদান করছে।
এছাড়া সাশ্রয়ী জীবনযাত্রা, বহুসাংস্কৃতিক পরিবেশ এবং পরিবারসহ অবস্থানের সুযোগ মালয়েশিয়াকে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য আকর্ষণীয় গন্তব্যে পরিণত করেছে। যোগ্য স্নাতকোত্তর শিক্ষার্থীরা তাদের নির্ভরশীল সদস্যদের সঙ্গে নিয়ে পড়াশোনার সুযোগও পেতে পারেন।
এক্সপোতে আগত দর্শনার্থীরা বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের সঙ্গে সরাসরি কথা বলে ভর্তি প্রক্রিয়া, বৃত্তি, টিউশন ফি, শিক্ষার্থী ভিসা ও শিক্ষাজীবন সম্পর্কিত বিভিন্ন তথ্য জানতে পারবেন। পাশাপাশি আন্তর্জাতিক ক্যারিয়ার গঠন ও বৈশ্বিক কর্মসংস্থানের সুযোগ সম্পর্কেও ধারণা দেওয়া হচ্ছে।
এক্সপোটি ৮ ও ৯ মে ঢাকার হোটেল সারিনায় অনুষ্ঠিত হওয়ার পর ১৩ মে রাজশাহীর দ্য গ্র্যান্ড রিভারভিউ হোটেল এবং ১৫ মে চট্টগ্রামের দ্য পেনিনসুলা হোটেলে আয়োজন করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এদিকে সফরের অংশ হিসেবে মালয়েশিয়ার প্রতিনিধিদল আগামী ১১ মে বাংলাদেশের শিক্ষামন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবে। এছাড়া ১৮ মে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সহযোগিতায় আয়োজিত “বাংলাদেশ-মালয়েশিয়া উচ্চশিক্ষা নেটওয়ার্কিং সেশন”-এ অংশ নেওয়ার কথা রয়েছে তাদের।
এছাড়া মালয়েশিয়া সরকারের উদ্যোগে রাজধানীর সিক্স সিজনস হোটেলে একটি উচ্চপর্যায়ের নেটওয়ার্কিং সভারও আয়োজন করা হবে। সেখানে বাংলাদেশ ও মালয়েশিয়ার সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেবেন বলে জানা গেছে।
-B