ঢাকাঃ এখনো ভিসা হয়নি ৪ হাজার ৩৬৫ জন হজযাত্রীর। তবে মঙ্গলবার (৬ মে) হজ অফিসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ওই দিন সকাল পর্যন্ত ৭৪টি ফ্লাইটে মোট ৩০ হাজার ১৩৪ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।
হজ অফিস জানিয়েছে, একই সময়ের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ৬৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৭ হাজার ৬৭৬ জনসহ মোট ৮২ হাজার ৭৩৫ জন হজযাত্রী ভিসা পেয়েছেন। আর ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, বাকি ৪ হাজার ৩৬৫ জন হজযাত্রীর ভিসা প্রক্রিয়া চলমান রয়েছে।
এবার বাংলাদেশ থেকে হজ পালনের জন্য সৌদি আরব যাওয়ার কথা রয়েছে ৮৭ হাজার ১০০ জনের। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাবেন ৫ হাজার ২০০ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালনের জন্য যাবেন ৮১ হাজার ৯০০ জন।
জানা গেছে, মঙ্গলবার সকাল পর্যন্ত ৭৪টি ফ্লাইটে ৩০ হাজার ১৩৪ জন বাংলাদেশী হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। ৭৪টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালিত ফ্লাইট ৩৩টি, সৌদি এয়ারলাইনস পরিচালিত ফ্লাইট ২৫টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস পরিচালিত ফ্লাইটের সংখ্যা ১৬।
হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার ফ্লাইট শুরু হয়েছে গত ২৯ এপ্রিল থেকে। হজযাত্রীদের বহনকারী সৌদিমুখী ফ্লাইটগুলো আগামী ৩১ মে পর্যন্ত চলবে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন হজ অনুষ্ঠিত হতে পারে। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ১০ জুন থেকে। হজযাত্রীদের দেশে ফেরার ফ্লাইট শেষ হবে ১০ জুলাই।
-B