ঢাকাঃ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই পারস্য উপসাগরের ওপর দিয়ে ওড়ার সময় জরুরি সংকেত জারি করে নিখোঁজ হয়েছে মার্কিন বিমান বাহিনীর একটি কেসি-১৩৫ স্ট্র্যাটোটেঙ্কার।
কাতার উপকূলের কাছে থাকা অবস্থায় উড়োজাহাজটি থেকে ‘৭৭০০’ কোড ব্যবহার করে ইন-ফ্লাইট জরুরি বিপদের সংকেত পাঠানো হয়।
ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার-২৪-এর তথ্য অনুযায়ী, সংযুক্ত আরব আমিরাতের আল দাফরা বিমান ঘাঁটি থেকে উড্ডয়নের পর উড়োজাহাজটি কিছুক্ষণ আকাশে চক্কর দেয় এবং পরবর্তীতে অবতরণের জন্য উচ্চতা কমাতে শুরু করে। এরপরই হঠাৎ রাডার থেকে উড়োজাহাজটির সংকেত বিচ্ছিন্ন হয়ে যায়।
উড়ন্ত অবস্থায় অন্য যুদ্ধবিমান বা বোমারু বিমানে জ্বালানি সরবরাহের সক্ষমতা থাকায় এই বিশেষ উড়োজাহাজটিকে ‘উড়ন্ত গ্যাস স্টেশন’ বলা হয়।
মার্কিন সামরিক বাহিনী এখন পর্যন্ত এটির বর্তমান অবস্থা বা ভাগ্যে কী ঘটেছে সে বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফারস নিউজ এই নিখোঁজ হওয়ার খবরটি প্রকাশ করেছে। তবে এই ঘটনার পেছনে কোনো ধরনের প্রতিকূল পরিস্থিতি বা ইরানের সম্পৃক্ততা রয়েছে কি না, সে সম্পর্কে তেহরানের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এক ঘটনার কথা উল্লেখ করে প্রতিবেদনে জানানো হয়েছে, তখন পশ্চিম ইরাকে ইরানের মদদপুষ্ট সশস্ত্র গোষ্ঠীগুলোর হামলায় একটি মার্কিন কেসি-১৩৫ উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছিল। বর্তমান পরিস্থিতিতে এই বিমানটি কোনো যান্ত্রিক ত্রুটির মুখে পড়েছিল নাকি অন্য কোনো কারণে নিখোঁজ হয়েছে, তা নিয়ে রহস্য দানা বাঁধছে।
দীর্ঘ ৬০ বছর ধরে মার্কিন বিমান বাহিনীর অন্যতম প্রধান শক্তি হিসেবে কাজ করা এই বোয়িং কেসি-১৩৫ উড়োজাহাজটি। শুধু জ্বালানি সরবরাহ নয়, মালামাল পরিবহন ও জরুরি চিকিৎসা সেবা দেওয়ার ক্ষেত্রেও ব্যবহৃত হয়। উড়োজাহাজটি নিখোঁজ হওয়ার সময় সেটি ওই অঞ্চলে চলমান সামরিক অভিযানের সমর্থনে নিয়োজিত ছিল বলে জানা গেছে।
-B