ভাইরাস প্রতিরোধে টিকা না নেওয়ায় প্রায় ৬০০ জন কর্মীকে বরখাস্ত করছে মার্কিন বিমান সংস্থা ইউনাইটেড এয়ারলাইন্স। প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে বলে বুধবার (২৯ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে জানিয়েছে রুশ সংবাদমাধ্যম স্পুটনিক।
বিবৃতির সঙ্গে যুক্ত থাকা একটি মেমোর বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, যুক্তরাষ্ট্রে মার্কিন ওই বিমান সংস্থায় কর্মরত মোট কর্মীর তুলনায় ছাটাই হতে যাওয়া কর্মীদের সংখ্যা এক শতাংশেরও কম।প্রধান নির্বাহী স্কট কিরবি এবং প্রেসিডেন্ট ব্রেট হার্ট কর্মীদের উদ্দেশে দেওয়া এক স্মারকলিপিতে বলেছেন, এটি অবিশ্বাস্য রকমের কঠিন সিদ্ধান্ত ছিল, তবে আমাদের দলকে সুরক্ষিত রাখা সব সময়ই আমাদের প্রথম অগ্রাধিকার। কোম্পানির কর্মকর্তারা জানিয়েছেন, যারা টিকা নিতে অস্বীকৃতি জানিয়েছেন তারা যদি, চাকরিচ্যুত করার আনুষ্ঠানিক বৈঠকের আগে টিকা নেন তবে তাদের আর চাকরিচ্যুত করা হবে না।
প্রায় ২০০০ কর্মী চিকিৎসাসহ নানা কারণ দেখিয়ে টিকা নিতে চান না এমন আবেদন করেছেন। ১৫ অক্টোবর পর্যন্ত আবেদন পর্যালোচনা করবে ইউনাইটেড এয়ারলাইনস। প্রায় ৬৭ হাজার মার্কিন কর্মীকে টিকা দিতে বলেছিল তারা। যারা অব্যাহতি চেয়েছে তাদের বাদ দিয়ে প্রায় ৯৯ শতাংশ কর্মী টিকা নিয়েছে বলে জানিয়েছে কোম্পানিটি।
কোম্পানির একজন মুখপাত্র বলেন, আগামী কয়েক বছরে এয়ারলাইন প্রায় ২৫,০০০ কর্মী নিয়োগ দেওয়ার পরিকল্পনা করছে। টিকা দেওয়া নতুন কর্মসংস্থানের অন্যতম শর্ত হবে। ইউনাইটেড এয়ারলাইনস তার পাইলট প্রশিক্ষণ স্কুলে শিক্ষার্থীদেরও টিকা নিতে বলেছে।