টাটার হাতেই যাচ্ছে এয়ার ইন্ডিয়া | সরকারি ঘোষণা সময়ের অপেক্ষা মাত্র এমনি বলছে দেশ-বিদেশের মিডিয়া রিপোর্ট|
সরকারি বিমান সংস্থা Air India কেনার জন্য দরপত্র জমা দিয়েছিল দুই কোম্পানি - Tata Sons ও SpiceJet। বিভিন্ন সূত্রে খবর পাওয়া যাচ্ছে নিলামে জিতেছে টাটা সন্স। তাদের প্রস্তাবিত মূল্যকে দেওয়া হয়েছে ছাড়পত্র।
এয়ার ইন্ডিয়ার বিলগ্নিকরণ নিয়ে কেন্দ্রের ঘোষণা সময়ের অপেক্ষা বলেই মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বে মন্ত্রীদের একটি দল এয়ার ইন্ডিয়া স্পেসিফিক অল্টারনেট মেকানিজম (এআইএসএএম) -এর আনুষ্ঠানিক ঘোষণা করতে পারে। এয়ার ইন্ডিয়া স্পেসিফিক অল্টারনেট মেকানিজম বা এআইএসএএম-এর দলটির অন্য সদস্যরা হলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন, বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল এবং অসামরিক বিমান চলাচল মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া।
এয়ার ইন্ডিয়া বিক্রির চেষ্টা শুরু হয় ২০০১ সাল থেকে। তবে ২০০১ সালে কেন্দ্র উদ্যোগী হলেও পরবর্তী সময়ে এব্যাপারে আগ্রহী এমন কোনও সংস্থার সাড়া মেলেনি। এরপর ২০১৮ সালেও ফের একবার ঋণের দায়ে জর্জরিত রাষ্ট্রায়ত্ত এই সংস্থা বিক্রির উদ্যোগ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেবারও এয়ার ইন্ডিয়া কেনার ব্যাপারে আগ্রহ দেখায়নি কোনও সংস্থা। ২০১৮-এর পর এবার ২০২১। রাষ্ট্রায়ত্ত সংস্থা বিক্রিতে ফের একবার তৎপরতা মোদী সরকারের। বিড-এর ক্ষেত্রে উল্লেখযোগ্য বেশ কয়েকটি পরিবর্তন আনে কেন্দ্রীয় সরকার।
কেন্দ্রীয় সরকারের এক পদস্থ কর্তা জানিয়েছেন, একবার বিড-এর জয়ী সংস্থার নাম ঘোষণার ১৫ দিনের মধ্যে শেয়ার-কেনা সংক্রান্ত চুক্তি সই পর্ব সেরে ফেলা হবে। তারপরেই রাষ্ট্রায়ত্ত এই সংস্থাটির হস্তান্তর প্রক্রিয়া পর্বটি দ্রুত সেরে ফেলা হবে। কেন্দ্রীয় সরকারের ওই কর্তা আরও বলেন, “আগামী ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ের মধ্যেই সংস্থার সম্পত্তি হস্তান্তরের পর্বটি সেরে ফেলা যাবে বলে মনে হচ্ছে।”