৫০ শতাংশ দেশীয় শেয়ার অর্জনের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে বিমান সংস্থা ইউ এস বাংলা

মনিটর ডেস্ক রিপোর্ট Date: 17 October, 2021
৫০ শতাংশ দেশীয় শেয়ার অর্জনের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে  বিমান সংস্থা ইউ এস বাংলা

ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বলেছেন, ইউএস-বাংলা এয়ারলাইন্স ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আন্তর্জাতিক রুটগুলোতে ফ্লাইট বৃদ্ধি করে ৫০শতাংশ মার্কেট শেয়ার কীভাবে রাখা যায়, সেই পরিকল্পনা করছে। 
তিনি বলেন, বর্তমানে বাংলাদেশ থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও ইউএস-বাংলা এয়ারলাইন্স আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করছে। এই দুই এয়ারলাইন্স বাংলাদেশের এভিয়েশন মার্কেটের মাত্র ২০ শতাংশ শেয়ার হোল্ড করে (আকাশপথে যাত্রী বহন করে)। বাকি ৮০ শতাংশ যাত্রী বহন করে বিদেশি এয়ারলাইন্সগুলো।
আবদুল্লাহ আল মামুন বলেন, একজন প্রবাসী যখন মালয়েশিয়ান এয়ারলাইন্স বা সিঙ্গাপুর এয়ারলাইন্সের বিমানে দেশে ফেরেন, তখন তাদের অর্জিত রেমিট্যান্স ওই দেশেই থেকে যায়। আমরা এসব রুটে ফ্লাইট পরিচালনা করে চার হাজার কোটি টাকার রেমিট্যান্স রিটেইন করছি।
গত ৩০ সেপ্টেম্বর যশোর-চট্টগ্রাম রুটে ইউএস বাংলা এয়ারলাইন্সের সরাসরি ফ্লাইট চালু উপলক্ষে যশোর বিমানবন্দরে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। একই দিন সৈয়দপুর বিমানবন্দর থেকে সৈয়দপুর-চট্টগ্রাম রুটে সরাসরি ফ্লাইটও উদ্বোধন করা হয়।
বর্তমানে এয়ারলাইন্সটির বহরে ১৪টি নতুন এয়ারক্রাফট রয়েছে। আমরা এর পরিধি আরও বড় করব। আগামী দুই বছরের মধ্যে আরও ১৬টি ব্র্যান্ড নিউ এয়ারক্রাফট ক্রয় করে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে। ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের সব দেশসহ ইতালির রোম, কানাডার টরন্টো ও লন্ডনের হিথ্রোর মতো রুটে উড়বে ইউএস-বাংলা এয়ারলাইন্সের এসব এয়ারক্রাফট।
অপরদিকে, ইউএস-বাংলা এয়ারলাইন্স আগামী ১৯ নভেম্বর থেকে দশম আন্তর্জাতিক গন্তব্য মালদ্বীপের রাজধানী মালে সরাসরি ফ্লাইট শুরু করতে যাচ্ছে। ঢাকা-মালে রুটে প্রাথমিকভাবে সপ্তাহে তিনদিন সরাসরি ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা। দক্ষিণ এশিয়ার অন্যতম গন্তব্য মালদ্বীপের রাজধানী মালে-তে প্রতি মঙ্গল, শুক্র ও রবিবার একমাত্র এয়ারলাইন্স হিসেবে ইউএস-বাংলা সরাসরি ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে।
বাংলাদেশী যাত্রীদের সময় ও খরচকে প্রাধান্য দিয়ে দেশের অন্যতম বেসরকারী এয়ারলাইন্স ইউএস-বাংলা প্রতি মঙ্গলবার ঢাকা থেকে সকাল ১১টা ১০ মিনিট মালদ্বীপের রাজধানী মালের উদ্দেশ্যে উড্ডয়ন করবে এবং স্থানীয় সময় দুপুর ২টা ৩৫ মিনিটে মালেতে অবতরণ করবে। একই দিন বিকাল ৩টা ৩৫মিনিটে মালে থেকে উড্ডয়ন করে রাত ৮টা ৩৫মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করবে। প্রতি শুক্রবার ঢাকা থেকে সকাল ১০টা ৪৫ মিনিট মালের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং স্থানীয় সময় দুপুর ২টা ১৫ মিনিটে মালেতে অবতরণ করবে। একই দিন বিকাল ৩টা ১৫মিনিটে মালে থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এবং রাত ৮টা ১৫মিনিটে ঢাকায় অবতরণ করবে।
এছাড়া প্রতি রবিবার ঢাকা থেকে সকাল ৯টা ৩০ মিনিট মালের উদ্দেশ্যে উড্ডয়ন করবে এবং স্থানীয় সময় দুপুর ১২টা ৫০ মিনিটে মালেতে অবতরণ করবে। একই দিন দুপুর ১টা ৫৫মিনিটে মালে থেকে উড্ডয়ন করে সন্ধ্যা ৬টা ৫৫মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করবে। প্রাথমিকভাবে ঢাকা-মালে রুটে সকল প্রকার ট্যাক্স ও সারচার্জসহ ওয়ানওয়ের নূন্যতম ভাড়া ২৯, ৫০৮ টাকা এবং রিটার্ণ ভাড়া ৪৫,৫৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
এছাড়া দু’দেশের পর্যটন শিল্পকে আরো বেশী গতিশীল করে তুলবে। ১৯ নভেম্বর থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্স ১৬৪ আসনের বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে ঢাকা থেকে মালে ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে।
ইউএস-বাংলা এয়ারলাইন্স এর বিমান বহরে ৪টি বোয়িং ৭৩৭-৮০০ ও ৭টি ব্র্যান্ডনিউ এটিআর ৭২-৬০০ সহ মোট ১৪টি এয়ারক্রাফট রয়েছে। 
এছাড়াও ইউএস-বাংলা এয়ারলাইন্স প্রবাসী বাংলাদেশীদের সেবা দেয়ার লক্ষ্যে বিভিন্ন গন্তব্যে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা গ্রহণ করে। শীঘ্রই, কলম্বো, জেদ্দা, রিয়াদ এবং দাম্মামেও ফ্লাইট চালু করার পরিকল্পনা করেছে বলে তিনি জানান।
 

Share this post



Also on Bangladesh Monitor