সম্প্রতি লাক্সারি ট্রাভেল ইন্টেলিজেন্স (এলটিআই) বিশ্বের সেরা ১২ বিলাসবহুল হোটেল ব্র্যান্ডের তালিকা প্রকাশ করেছে। একটি মূল্যায়ন প্রক্রিয়ার মাধ্যমে এটি তৈরি হয়েছে বলে সংস্থাটি জানায়।
সিঙ্গাপুরের আমান রিসোর্টস ইন্টারন্যাশনাল রয়েছে তালিকায় শীর্ষে। ১৯৮৮ সালে থাইল্যান্ডের ফুকেটে প্রতিষ্ঠিত এই ব্র্যান্ডের আরো ৩৩টি বিলাসবহুল হোটেল আছে বিশ্বের ২১টি দেশে।
এলটিআই’র প্রতিষ্ঠাতা মাইকেল ক্রম্পটন বলেছেন, ‘১১৮টি দিক বিবেচনায় বিশ্বের ব্র্যান্ড হোটেল ও রিসোর্টগুলোকে মূল্যায়ন করেছি আমরা। পৃথক কোনও হোটেল নয়; অপূর্ব স্পট, ব্যবস্থাপনা ও কর্মীদের দক্ষতার পাশাপাশি মান, নীতি, দায়িত্ববোধ ও আগ্রহ অনুযায়ী পুরো ব্র্যান্ডের পারফর্ম্যান্স দেখে সেরা ১২ বেছে নেওয়া হয়েছে।’
দুই নম্বরে রয়েছে জার্মানির ওয়েটকার কালেকশন।
তিনে স্থান পেয়েছে ব্রিটিশ-ভারতীয় উদ্যোক্তা সনু শিবদাসানির প্রতিষ্ঠিত সিক্স সেন্সেস রিসোর্টস অ্যান্ড স্পাস।
যুক্তরাজ্যের বেলমন্ড আছে চার নম্বরে। ১৯৭৬ সালে ইতালির ভেনিসে হোটেল সিপরিয়ানির মাধ্যমে এটি প্রতিষ্ঠিত হয়।
পাঁচে আছে মান্দারিন ওরিয়েন্টাল হোটেল গ্রুপ। ১৯৬৩ সালে হংকংয়ে এর প্রথম হোটেল গড়ে ওঠে।
ছয় নম্বরে স্থান পাওয়া অবার্জ রিসোর্টসের হোটেল আছে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোতে।
সাত নম্বরে আছে ফোর সিজনস হোটেলস অ্যান্ড রিসোর্টস। এর সদরদফতর কানাডার অন্টারিওতে। বিশ্বজুড়ে শতাধিক হোটেল আছে তাদের। এর বেশিরভাগ অংশের মালিক মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস।
লন্ডনের সোহো হাউস আট নম্বরে আর ওয়ান অ্যান্ড অনলি রিসোর্টস আছে নয় নম্বরে।
১০ নম্বরে থাকা সেন্ট রেজিস হোটেলস অ্যান্ড রিসোর্টস মূলত স্টারউড হোটেল গ্রুপের অংশ। এটি এখন আমেরিকার ম্যারিয়ট ইন্টারন্যাশনালের সম্পত্তি। বিশ্বে এখন ৬২টি সেন্ট রেজিস হোটেল আছে। নিউ ইয়র্ক সিটিতে ১৯০৪ সালে প্রতিষ্ঠিত হয় প্রথম সেন্ট রেজিস হোটেল।
হংকংয়ের নিউ ওয়ার্ল্ড ডেভেলপমেন্টের মালিকানাধীন রোজউড হোটেলস অ্যান্ড রিসোর্টস আছে তালিকার ১১ নম্বরে। বিশ্বের ১২টি দেশে তাদের ২২টি হোটেল আছে। ১৯৭৯ সালে গড়ে ওঠে রোজউড প্রতিষ্ঠানটি।
১৯৯৩ সালের ১২ জানুয়ারি চালু হওয়া দ্য লাক্সারি কালেকশন রয়েছে ১২ নম্বরে।