বড় মাইলফলক অর্জনের দ্বারপ্রান্তে যুক্তরাষ্ট্রের বহুজাতিক প্রযুক্তি কোম্পানি ও আইফোন নির্মাতা অ্যাপল বাজারমূল্যের দিক থেকে কোম্পানিটি এখন ৩ ট্রিলিয়ন বা ৩ লাখ কোটি মার্কিন ডলার ছাড়িয়ে যাওয়ার পথে।
শেয়ারের দর আর মাত্র ১ ডলার ১০ সেন্ট বাড়লেই অ্যাপলই হবে বৈশ্বিক পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রথম তিন লাখ কোটি ডলার বাজারমূল্যের কোম্পানি। কোম্পানি হিসেবে অ্যাপলের বাজারমূল্য বেড়ে ৩ লাখ কোটি ডলারে উন্নীত হবে।
বর্তমানে অ্যাপলের সবচেয়ে কাছে থাকা কোম্পানি মাইক্রোসফটের বাজারমূল্য প্রায় ২ দশমিক ৬ ট্রিলিয়ন বা ২ লাখ কোটি ডলার। আর গুগলের মালিক অ্যালফাবেটের বাজারমূল্য প্রায় ২ ট্রিলিয়ন বা দুই লাখ কোটি ডলার।
এর পেছনে রয়েছে বৈশ্বিক ই-কমার্স প্রতিষ্ঠান আমাজন ও বৈদ্যুতিক গাড়ি নির্মাতা টেসলা। এর মধ্যে বর্তমান বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনী জেফ বেজোসের আমাজন ও ১ নম্বর ধনী ইলন মাস্কের টেসলার বাজারমূল্য হচ্ছে যথাক্রমে ১ দশমিক ৭ ট্রিলিয়ন (১ লাখ ৭০ হাজার কোটি) ও ইলন মাস্কের টেসলার ১ ট্রিলিয়ন (এক লাখ কোটি) ডলার।
সোমবার নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জে অ্যাপলের শেয়ারের দাম ১ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১৮১ ডলার ৭৫ সেন্ট। শেয়ারের দর ১৮২ ডলার ৮৫ সেন্টে উঠলেই নতুন রেকর্ড হয়ে যাবে।
উল্লেখ্য, ২০১৮ সালের আগস্টে অ্যাপলের বাজারমূল্য এক ট্রিলিয়ন ডলারের উন্নীত হয়। ২০২০ সালের আগস্টে কোম্পানিটির বাজারমূল্য দুই ট্রিলিয়ন বা দুই লাখ কোটি ডলার অতিক্রম করে।