কক্সবাজার বিমানবন্দরের লাউঞ্জে উঠার লিফটে আটকে পড়েছিলেন চারজন যাত্রী। দীর্ঘ দেড় ঘন্টা আটকে থাকার পর লিফটের দরজা ভেঙে তাদের উদ্ধার করে দমকল বাহিনী। তারা কক্সবাজার থেকে ঢাকাগামী যাত্রী ছিলেন বলে জানা গেছে।
শনিবার (১১ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার বিমানবন্দরের ব্যবস্থাপক গোলাম মোর্তজা হোসেন বলেন, মূলত তারা লাউঞ্জে যাচ্ছিলেন। এটা লাউঞ্জেরই লিফট। পরে তাদের টেকনিসিয়ান ও ফায়ার সার্ভিস কর্মীরা মিলে আটকে পড়াদের উদ্ধার করে।
যাত্রীরা হলেন- বিপ্লব কুমার মহাজন, টুম্পা রানী বিশ্বাস, আন্তরিক মহাজন ও ঈমানা মহাজন । এরা সবাই ইউএস বাংলার যাত্রী ছিলেন। তাদের মধ্যে দুইজন ভয়ে কিছুটা অসুস্থ হয়ে পড়েছিলেন।
কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার শাহাদাত হোসাইন বাংলাদেশ মনিটরকে বলেন, লিফটে আটকেপড়া চার যাত্রীকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে।