ঢাকা-টরেন্টো সরাসরি ফ্লাইট শীঘ্রই

-মনিটর অনলাইন Date: 06 December, 2021
ঢাকা-টরেন্টো সরাসরি ফ্লাইট শীঘ্রই

ঢাকা-টরেন্টো আকাশপথে সরাসরি ফ্লাইট পরিচালনার বিষয়টি খোলসা করতে একটি কানাডিয়ান প্রতিনিধি দল বর্তমানে ঢাকায় অবস্থান করছে। তারা ঢাকা বিমানবন্দর এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিদর্শন করছেন যা ঢাকা-টরন্টো সরাসরি ফ্লাইট পরিচালনার অনুমতি দেওয়ার প্রক্রিয়ার একটি অবিচ্ছেদ্য পদক্ষেপ।

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ'র সদস্য(নিরাপত্তা)গ্রুপ ক্যাপ্টেন আবু সালেহ মাহমুদ মান্নাফী, আজ ৫ডিসেম্বর তার কার্যালয়ে দ্য বাংলাদেশ মনিটরের সাথে আলাপকালে একথা বলেন।

কানাডা থেকে আসা দলটি ৫-৯ ডিসেম্বর পর্যন্ত পরিদর্শন করবে এবং তাদের এই রিপোর্টের ভিত্তিতেই কানাডিয়ান সরকার ঢাকা থেকে সরাসরি ফ্লাইটের অনুমতি দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে বলে তিনি জানান।

অপরদিকে,বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলীর সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার বেনোই প্রেফনটেইন ঢাকা-টরন্টো গন্তব্যে ফ্লাইট চালুর আগ্রহের কথা জানান।

সাক্ষাৎকালে প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেন, ঢাকা-টরন্টো আকাশপথে সরাসরি ফ্লাইট পরিচালনার সব প্রস্তুতি বাংলাদেশ সম্পন্ন করেছে। এই পথে ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে ঢাকার কানাডিয়ান হাইকমিশনের সব ধরনের সহযোগিতা একান্তভাবে প্রয়োজন।

প্রতিমন্ত্রীর আগ্রহের জবাবে কানাডিয়ান হাইকমিশনার বলেন, ‘ঢাকা-টরন্টো আকাশপথে সরাসরি ফ্লাইট চালু হলে দুই দেশের মধ্যে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক বাড়বে। এ ব্যাপারে কানাডিয়ান হাইকমিশন সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত আছে। অচিরেই ঢাকা-টরন্টো ফ্লাইট শুরু করা যাবে।
ঢাকায় সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দপ্তরে ওই সাক্ষাৎ হয়। এ সময় মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন, অতিরিক্ত সচিব জননেন্দ্রনাথ সরকার ও কানাডিয়ান হাইকমিশনের কমার্শিয়াল কাউন্সিলর অ্যাঞ্জেলিনা ডার্ক উপস্থিত ছিলেন।
 

Share this post



Also on Bangladesh Monitor