শর্তসাপেক্ষে আন্তর্জাতিক ফ্লাইট চালু করতে যাচ্ছে ভারত। গতকাল শুক্রবার সন্ধ্যায় ভারতের বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয় ঘোষণা দিয়েছে, আগামী ১৫ ডিসেম্বর ফ্লাইট চালু হবে। তবে ঝুঁকিপূর্ণের তালিকায় থাকায় বাংলাদেশের সঙ্গে ফ্লাইট চলবে ৭৫ শতাংশ।এয়ার বাবল চুক্তির আওতায় এ বছরের সেপ্টেম্বর থেকে ভারত ও বাংলাদেশের মধ্যে ফ্লাইট চলাচল শুরু হয়।
বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয় জানিয়েছে, স্বরাষ্ট্র, পররাষ্ট্র ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার ভিত্তিতে আবারও আন্তর্জাতিক বাণিজ্যিক ফ্লাইট চলাচল শুরুর সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এভিয়েশন কতৃপক্ষ বলছে, স্বাস্থ্যঝুঁকি থাকার কারণে ১৪টি দেশের সাথে ফ্লাইট চলাচল এখন স্বাভাবিক হচ্ছে না। তবে যেসব দেশের সাথে এয়ার বাবল চুক্তি রয়েছে তাদের ৭৫ শতাংশ চলাচল করতে পারবে।
যে ১৪টি দেশের সাথে ফ্লাইট চলাচলে স্থগিতাদেশ রয়েছে সেগুলো হলো যুক্তরাজ্য, সিঙ্গাপুর, চীন, ব্রাজিল, বাংলাদেশ, জিম্বাবুয়ে, নিউজিল্যান্ড, মরিশাস, দক্ষিণ আফ্রিকা, বতেসোয়ানা, ইসরায়েল, হংকং, জার্মানি এবং ফিনল্যান্ড।
প্রতিবেদনে বলা হয়েছে, ভারত ও অন্যান্য দেশের মধ্যে নির্ধারিত আন্তজার্তিক ফ্লাইটগুলো স্বাভাবিক নিয়মে ফিরে আসবে বলে বলা হচ্ছে।
করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় গত বছরের মার্চে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করে দেয় ভারত। সেই সময় শুধু অন্য দেশে আটকে পড়া নাগরিকদের ফেরত আনা ও জরুরি পণ্য বহনে নিয়োজিত উড়োজাহাজগুলোর চলাচলের অনুমতি ছিল। তবে করোনা পরিস্থিতির উন্নতি এবং টিকা দেওয়ার হার বিবেচনায় নিয়ে এয়ার বাবল চুক্তিভুক্ত দেশগুলোর সঙ্গে ফ্লাইট আবারও চালু করা হয়।
উল্লেখ্য যে, বাংলাদেশ ছাড়াও ভারতের এয়ার বাবল চুক্তি রয়েছে আফগানিস্তান, বাহরাইন, ভুটান, কানাডা, ইথিওপিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, ইরাক, জাপান, কেনিয়া, কুয়েত, মালদ্বীপ, মরিশাস, নেপাল, নেদারল্যান্ডস, নাইজেরিয়া, ওমান, কাতার, রাশিয়া, রুয়ান্ডা, সিসিলিস, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, তানজানিয়া, ইউক্রেন, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও উজবেকিজস্তানের।