ঘন কুয়াশার কারণে মধ্য রাতের পরের ফ্লাইটগুলোকে দিনের সূচিতে নিয়ে আসতে এয়ারলাইনসগুলোকে নির্দেশনা দিয়েছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ।
বিমানবন্দরের নির্বাহী পরিচালক তৌহিদ উল আহসান বলেন, ‘কুয়াশা পুরোপুরি প্রাকৃতিক বিপর্যয়, এটা আমরা রোধ করতে পারি না। কিন্তু এ বিষয়টি মাথায় রেখে আমরা আমাদের ফ্লাইট অ্যাডজাস্টমেন্ট করি আগে থেকে, যেটিকে শীতকালীন সূচি বলা হয়। এবারও এটা করা হয়েছে, যাতে ফ্লাইট বিপর্যয়ের সম্ভাবনা কমে যায়।প্রতি বছর শীত এলেই দেশের বিমানবন্দরগুলোতে নতুন সংকট তৈরি হয়।
তাই এবার যাতে ফ্লাইট বিপর্যয় না হয় তাই এমন নির্দেশনা দেওয়া হয়েছে।
এছাড়া যাত্রীদের সব ধরনের সুযোগ-সুবিধা দিতে আমরা ইতোমধ্যে এয়ারলাইনসগুলোর কর্তৃপক্ষকেও ব্রিফ করেছি বলেও জানান তৌহিদ উল আহসান।
তিনি বলেন, বৈরী আবহাওয়া বা ঘন কুয়াশায় ফ্লাইট ওঠানামায় বিশ্বের বিভিন্ন বিমানবন্দরে ব্যবহার করা হয় ইনসট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম (আইএলএস)। দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়া কোনোটিতেই নেই এ প্রযুক্তি। ঢাকার হযরত শাহজালাল, সিলেটের ওসমানি ও চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে যে আইএলএস প্রযুক্তি আছে, তাও পুরাতন। আর এ কারণে পাইলটের দৃষ্টিসীমা ৬০০ থেকে শূন্য মিটারের মধ্যে নেমে এলে ফ্লাইট উড্ডয়ন বা অবতরণ বাধাগ্রস্ত হয়।