নতুন ধরন 'ওমিক্রন’:নিষেধাজ্ঞায় ফিরছে বাংলাদেশ সহ বিভিন্ন দেশ

মনিটর ডেস্ক রিপোর্ট Date: 27 November, 2021
নতুন ধরন 'ওমিক্রন’:নিষেধাজ্ঞায় ফিরছে বাংলাদেশ সহ বিভিন্ন দেশ

দক্ষিণ আফ্রিকায় করোনার নতুন ধরন শনাক্ত হওয়ার পর আবার ভ্রমণ নিষেধাজ্ঞার পাশাপাশি কোয়ারেন্টিনের বিধিনিষেধ আরোপ করছে বিভিন্ন দেশ। ইতিমধ্যে বাংলাদেশ সহ যুক্তরাজ্য, সিঙ্গাপুর ও জাপান দক্ষিণ আফ্রিকা ও আশপাশের দেশগুলো থেকে ফ্লাইট নিষিদ্ধ করেছে।
বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক আজ শনিবার (২৭ নভেম্বর) সকালে সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিতব্য ‘World Health Assembly Second Special Session’ এ অংশ নিতে যাত্রাকালে এক অডিও বার্তায় এ নির্দেশনা দেন।
জাহিদ মালিক বলেন, আফ্রিকান নতুন ভেরিয়েন্ট বিষয়ে আমরা জেনেছি। এই ভাইরাসটি খুবই অ্যাগ্রেসিভ। সে কারণে আফ্রিকার সঙ্গে আমাদের যোগাযোগ এখন স্থগিত করা হচ্ছে। সব এয়ারপোর্ট, ল্যান্ডপোর্ট বা দেশের সব প্রবেশপথে স্ক্রিনিং আরও জোরদার করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে সারা দেশেই স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলতে ও মুখে মাস্ক পড়তে উদ্বুদ্ধ করতে সব জেলা শহরের প্রশাসনকে নির্দেশনা দেওয়া হচ্ছে।
দক্ষিণ আফ্রিকাসহ অন্যান্য ঝুঁকিপূর্ণ দেশ থেকে আসা ব্যক্তিদের পরীক্ষা ও নজরদারিতে রাখতে রাজ্য সরকারগুলোকে নির্দেশ দিয়েছে ভারত।
যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ বলেছেন, করোনার নতুন ধরনটি নিয়ে ব্যাপক আন্তর্জাতিক উদ্বেগ রয়েছে। তবে বর্তমানে যুক্তরাজ্যে নতুন ধরনটি কারও শনাক্ত হয়নি।
সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয়ও আফ্রিকার ওই অঞ্চল থেকে লোকজন আসায় বিধিনিষেধ আরোপের ঘোষণা দিয়েছে।
জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, দক্ষিণ আফ্রিকাসহ আরও পাঁচটি আফ্রিকান দেশ থেকে ভ্রমণকারীদের জন্য সীমান্তে কড়াকড়ি আরোপ করেছে জাপান।
ইসরায়েলের প্রধানমন্ত্রীর বরাত দিয়ে তাঁর দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘বর্তমানে আমরা জরুরি অবস্থার দ্বারপ্রান্তে রয়েছি। আমাদের মূল নীতি হলো দ্রুত, বলিষ্ঠভাবে ও এখনই পদক্ষেপ নেওয়া।’
গত ১৪ দিনে আফ্রিকার দক্ষিণাঞ্চলীয় দেশগুলো ভ্রমণ করে আসা ব্যক্তিদের ওপর ইতালিতে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
করোনার নতুন ধরন নিয়ে বৈঠকে বসেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। ডব্লিউএইচওর একজন মুখপাত্র বলেছেন, সংস্থাটি বর্তমানে ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপের বিরুদ্ধে সতর্ক করছে এবং সরকারকে ঝুঁকিভিত্তিক বৈজ্ঞানিক পদ্ধতি প্রয়োগের পরামর্শ দিচ্ছে।
এদিকে, ইউরোপীয় ইউনিয়ন তাদের জোটভুক্ত সব দেশেই দক্ষিণ আফ্রিকাসহ ওই অঞ্চলের সঙ্গে ফ্লাইট চলাচল বন্ধের প্রস্তাব করেছে।
বিজ্ঞানীরা এখনো করোনার এ নতুন ধরন সম্পর্ক খুব বেশি জানতে পারেননি। তবে এটা খুবই উদ্বেগের বলে সতর্ক করেছেন তাঁরা। করোনার এ ধরন কতটা সংক্রামক, তা বোঝার চেষ্টা করছেন বিজ্ঞানীরা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, এটা সম্পর্কে স্পষ্ট ধারণা পেতে কয়েক সপ্তাহ লেগে যাবে।
বি.১.১.৫২৯ নামের করোনার এ ধরন বতসোয়ানা ও হংকংয়েও পাওয়া গেছে বলে যুক্তরাজ্যের স্বাস্থ্য সংস্থা জানিয়েছে। ইসরায়েল জানিয়েছে, মালাবিফেরত একজনের শরীরে করোনার এ ধরন শনাক্ত হওয়ার পরে আফ্রিকার দক্ষিণাঞ্চলে নাগরিকদের ভ্রমণে নিষেধাজ্ঞা দিচ্ছে তারা।
উল্লেখ্য যে, ২০১৯ সালের ডিসেম্বরের শেষে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর সারা বিশ্বে ছড়িয়ে এরই মধ্যে প্রায় ২৬ কোটি মানুষ এতে আক্রান্ত হয়েছে এবং প্রাণ হারিয়েছে ৫৪ লাখ মানুষ।
 

Share this post



Also on Bangladesh Monitor