ভারতে ক্রমশ বাড়ছে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন আক্রান্ত রোগীর সংখ্যা। আক্রান্তের সংখ্যা এক লাফে পাঁচ থেকে বেড়ে দাঁড়িয়েছে ২১ জনে।
রবিবার রাজস্থানের জয়পুরে নয়জন এবং মহারাষ্ট্রে সাতজন করোনা রোগী শনাক্ত হন যাদের প্রত্যেকেই ওমিক্রনে আক্রান্ত।
এর মধ্যে মহারাষ্ট্রের চারজন বিদেশ থেকে ফিরেছেন। বাকি তিনজন ওই চা জনের ঘনিষ্ঠ। এর ফলে মহারাষ্ট্রে ওমিক্রন আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে আটজনে।
মহারাষ্ট্রে আক্রান্তরা সবাই পুণের বাসিন্দা বলে জানা গেছে। অন্যদিকে জয়পুরে রবিবার নয়জনের শরীরে করোনার ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে বলে রাজস্থানের স্বাস্থ্য দপ্তর জানিয়েছে।
জানা গেছে, ২৪ নভেম্বর নাইজেরিয়ার লাগোস থেকে ভাইয়ের সঙ্গে দেখা করতে আসেন ৪৪ বছরের এক নারী। ওই নারীর সঙ্গে আসেন তার দুই মেয়ে।
পুণের ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজি জানায়, তিনজনই করোনার ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত। ওই নারীর ৪৫ বছরের ভাই, ভাইয়ের দুই মেয়েও ওমিক্রনে আক্রান্ত হয়েছেন।
পাশাপাশি সদ্য ফিনল্যান্ড ভ্রমণ সেরে পুণে ফেরা ৪৭ বছর বয়সী এক ব্যক্তিও ওমিক্রনে আক্রান্ত হয়েছেন।
আক্রান্ত প্রাপ্তবয়স্ক চারজনেরই দুটি করে টিকা নেওয়া ছিল। বাকি তিনজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় টিকাদানের আওতায় আসেনি।
অন্যদিকে রাজধানী দিল্লিতেও করোনার ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত রোগীর খোঁজ মিলেছে।
দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন বলেন, ‘ওই ব্যক্তি তানজানিয়া থেকে কয়েক দিন আগেই দিল্লিতে এসেছেন। তার পরই তিনি অসুস্থ বোধ করতে থাকেন। নমুনা পরীক্ষা করে দেখা যায় তিনি করোনার ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত।’
এর আগে মহারাষ্ট্রের ডোম্বিভলি, গুজরাটে একজন করে এবং কর্নাটকে দুজন ওমিক্রন আক্রান্ত রোগী শনাক্ত হয়েছিল।