ফের চালু হলো অন-অ্যারাইভাল ভিসা

-মনিটর অনলাইন Date: 07 December, 2021
ফের চালু হলো অন-অ্যারাইভাল ভিসা

প্রায় দেড় বছর পর ফের চালু হলো বিদেশি নাগরিকদের জন্য বাংলাদেশে আগমনী ভিসা। দেশে করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় দীর্ঘদিন বন্ধ ছিল অন-অ্যারাইভাল ভিসা কার্যক্রম। 
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ ১ ডিসেম্বর বুধবার থেকে ৪ ক্যাটাগরিতে অন-অ্যারাইভাল ভিসা চালুর নির্দেশ দিয়েছে। এ সংক্রান্ত নির্দেশনা দিয়ে স্পেশাল ব্র্যাঞ্চের অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শকের কাছেও চিঠি পাঠানো হয়েছে। 
সুরক্ষা সেবা বিভাগের উপসচিব তরফদার মাহমুদুর রহমান স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, বিদ্যমান পরিস্থিতি বিবেচনা করে নিন্মোক্ত ক্যাটাগরির ব্যক্তিদের আগমনী ভিসা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে-
১. বাংলাদেশি বংশোদ্ভূত বিদেশি নাগরিক এবং তাদের স্বামী/স্ত্রী/সন্তান।
২. কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারী বিদেশি নাগরিক।
৩. বিদেশি বিনিয়োগকারী ও ব্যবসায়ী।
৪. বাংলাদেশ সরকারের আমন্ত্রণে কোনো সরকারি সভা/সেমিনার/কনফারেন্স/অন্য কোন ইভেন্টে অংশগ্রহণের জন্য আগত বিদেশি নাগরিক।
এতে আরও বলা হয়, আগমনী যাত্রীদের ক্ষেত্রে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তরের নির্ধারিত কোভিড-১৯ প্রটোকল অনুসরণ করতে হবে।
প্রয়োজনবোধে বিশেষ বিবেচনায় সুরক্ষা সেবা বিভাগের পূর্বানুমতি নিয়ে নির্দিষ্ট কোনো ভ্রমণকারীকে অন-অ্যারাইভাল ভিসা দেওয়া যেতে পারে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।
 

Share this post



Also on Bangladesh Monitor