কন্টেইনারে করে বহনের সময় রোববার সিঙ্গাপুরের চাঙ্গি বিমান বন্দরে বেরিয়ে পড়ে দুটি সিংহ। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে বিমানবন্দর এলাকায়।
সিঙ্গাপুর বিমানবন্দর চালানটি পরিচালনা করছিল। সিংহ দুটি বেরিয়ে পড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে সমস্যাটির সমাধানের জন্য মান্দাই ওয়াইল্ডলাইফ গ্রুপের ভেটেরিনারি টিমকে ডাকা হয়। তারা গিয়ে ট্রাঙ্কুলাইজার বন্দুক দিয়ে গুলি করে সিংহ দুটিকে অচেতন করে।
সিংহগুলো কোন দেশ থেকে সেখানে এসেছে এবং কোথায় যাচ্ছে তা স্পষ্ট নয়। তবে চালানটিতে ৭টি সিংহ ছিল।
দ্য স্ট্রেইটস টাইমস জানতে চাইলে, বিমানবন্দর কর্তৃপক্ষ জানায় সিংহগুলো চারপাশে নিরাপত্তা জাল লাগানো কন্টেইনারের মধ্যে ছিল। এ ঘটনায় এয়ারলাইন্সের কার্যক্রমে কোনো ব্যাঘাত ঘটেনি বলেও জানিয়েছে তারা।
সিঙ্গাপুর এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানায়, সিংহগুলি অবশ্য পুরো সময়ই কন্টেইনারের চারপাশে লাগানো নিরাপত্তা জালের মধ্যে ছিল বিধায় এয়ারলাইন্সের কার্যক্রমে কোনো ব্যাঘাত ঘটেনি।
“যখন ঘটনাটি তদন্ত করা হচ্ছে, তখন তাৎক্ষণিক অগ্রাধিকার হল সিংহের মঙ্গল। এয়ারলাইন্স কর্তৃপক্ষ-মান্দাই ওয়াইল্ডলাইফ গ্রুপের সাথে বিষয়টি নিয়ে কাজ করছে। এটি সিঙ্গাপুরের একমাত্র বন্যপ্রাণী কেন্দ্র পরিচালনা করে"।
মান্দাই ওয়াইল্ডলাইফ গোষ্ঠীর একজন মুখপাত্র বলেছেন যে সিংহদের শান্ত করা দরকার যাতে তাদের মান্দাইয়ের প্রাণীদের কোয়ারেন্টাইন সুবিধায় নিয়ে যাওয়া যায়।
“সিংহদের পর্যবেক্ষণ করা হচ্ছে। তারা আপাতত আমাদের তত্ত্বাবধানে থাকবে এবং আমরা এই বিষয়ে এয়ারলাইন্স কর্তৃপক্ষের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছি।”