রাঙামাটির নয়নাভিরাম ঝুলন্ত সেতু পানির নীচে

মনিটর ডেস্ক রিপোর্ট Date: 21 September, 2021
রাঙামাটির নয়নাভিরাম ঝুলন্ত সেতু পানির নীচে

রাঙামাটিতে আসা পর্যটকদের মূল আকর্ষণ ঝুলন্ত সেতুটি এখন কাপ্তাই হ্রদের পানির নীচে। কয়েক দিনের অতিবৃষ্টির কারণে কাপ্তাই হ্রদের পানি বেড়ে যাওয়ায় নয়নাভিরাম এই ব্রিজটি পানিতে ডুবে গেছে।

রাঙামাটি পর্যটন কমপ্লেক্স সূত্রে জানা গেছে,  গত দুই বছর ধরে ব্রিজ পানিতে তলিয়ে না গেলেও পানি ছুঁই ছুঁই অবস্থায় ছিল। কিন্তু এবছর লেকের পানি বেশি বৃদ্ধি হওয়ায় ব্রিজটি ডুবে গেছে।

সিলেট থেকে রাঙামাটি পর্যটন ঝুলন্ত সেতু দেখতে আসা পর্যটক ধনঞ্জয় দাশ ধনু বলেন, কাপ্তাই হ্রদের ঝুলন্ত ব্রিজটি নিয়ে আমার অন্যরকম অনুভূতি ছিল। কিন্তু এসে দেখলাম ব্রিজটি পানির নিচে তলিয়ে গেছে।

তিনি বলেন, স্থানীয় প্রশাসনের কাছে আমাদের দাবী এই ব্রিজটি অতি সত্বর সংস্কারের ব্যবস্থা করা হোক। যাতে পুরো বছর টুরিস্টরা এই ব্রিজটি পরিদর্শন করতে পারে।

চট্টগ্রামের লোহাগাড়া থেকে আসা টুরিস্ট মো. তোহেল জানান, রাঙামাটির অপরুপ সৌন্দর্য্য আমাদের কাছে খুবই ভাল লাগছে। কিন্তু আমাদের অতি আকর্ষণের ব্রিজটি পানিতে তলিয়ে গেছে। এটি অতি দ্রুত সময়ের মধ্যে সংস্কার করা প্রয়োজন।

রাঙামাটি পর্যটন এলাকার স্থানীয় অধিবাসী সুমন বলেন, সেতুটি পানিতে ডুবে যাওয়ায় আমাদের খুবই সমস্যা হচ্ছে। কারণ, এই ব্রিজ দিয়ে আমাদের প্রতিদিন যাতায়াত করতে হয়।

এ প্রসঙ্গে রাঙামাটি পর্যটন কমপ্লেক্সের ম্যানেজার সৃজন বিকাশ বড়ুয়া জানান, গত কয়েকদিনের অনবরত বৃষ্টির ফলে ব্রিজটি ডুবে গেছে। এর পাটাতন এখন প্রায় ৬ ইঞ্চি পানির নীচে। তবে আশা করা যাচ্ছে, পরবর্তীতে বৃষ্টি না হলে নেমে যাবে ঝুলন্ত সেতুর পানি।

ঝুলন্ত সেতুটি সংস্কারের বিষয়ে রাঙামাটি পর্যটন কমপ্লেক্সের ব্যবস্থাপক বলেন, পর্যটন কর্পোশেনের প্রধান কার্যালয়ে ব্রিজটি সংস্কারের বিষয়ে প্রস্তাবনা দেওয়া আছে। পরিকল্পনা বিভাগ থেকে অর্থ বরাদ্দ পেলে সংস্কার করা হবে।

উল্লেখ্য, নয়নাভিরাম এ ঝুলন্ত সেতুটি দুটি বিচ্ছিন্ন পাহাড়ের মধ্যে গড়ে উঠায় সারাদেশের পর্যটকদের কাছে খুবই আকর্ষণের।

Share this post



Also on Bangladesh Monitor