দেশে করোনার নতুন ধরন ওমিক্রন মোকাবিলায় এখনই সীমান্ত বন্ধ ও লকডাউনের কোনো পরিকল্পনা সরকারের নেই।
সীমান্তে স্ক্রিনিং ও পরীক্ষা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তবে দক্ষিণ আফ্রিকা ও আফ্রিকার দেশগুলো এবং ওমিক্রন আক্রান্ত অন্যান্য দেশ থেকে যারাই আসবেন তাদের ৪৮ ঘণ্টা আগে করোনার টেস্ট করে আসতে হবে এবং দেশে তাদের ১৪ দিন নিজ খরচে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে।
রবিবার স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম ওমিক্রন ঠেকাতে এসব সিদ্ধান্তের পাশাপাশি সরকারের বিভিন্ন প্রস্তুতি সম্পর্কে গণমাধ্যমকে অবহিত করেন।
ওমিক্রন মোকাবিলায় স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা আমাদের হাসপাতালগুলোকে প্রস্তুত রেখেছি। ইতিমধ্যে জেলায় জেলায় চিঠি দিয়েছি, তারা যেন ওমিক্রন মোকাবিলায় প্রস্তুতি গ্রহণ করে।
উল্লেখ্য যে, গতকাল পর্যন্ত বিশ্বের প্রায় ৪০টি দেশে ওমিক্রন ছড়িয়েছে। এর মধ্যে পার্শ¦বর্তী দেশ ভারতেও ধরনটি শনাক্ত হয়েছে। এমন অবস্থায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরসহ বিভিন্ন স্থলবন্দর ও বিমানবন্দরে আগতদের ব্যাপারে সতর্ক নজরদারি রাখা হচ্ছে। স্বাস্থ্য ও করোনা পরীক্ষা করা হচ্ছে।