দুয়ার খুলল থাইল্যান্ড, নেই বাংলাদেশ

মনিটর ডেস্ক রিপোর্ট Date: 04 November, 2021
দুয়ার খুলল থাইল্যান্ড, নেই বাংলাদেশ

মহামারি করোনাভাইরাসে দীর্ঘ দেড় বছর বন্ধ দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত দেশ থাইল্যান্ড বিশ্বের ৬৩টি দেশের পর্যটকদের জন্য দরজা উন্মুক্ত করেছে।কোভিড-১৯ টিকা নেওয়া ব্যক্তিরা থাইল্যান্ড ভ্রমণ করতে পারবেন। তবে বাংলাদেশের নাম এই তালিকায় নেই।
থাই সরকার ‘কম ঝুঁকিপূর্ণ’ ৬৩ দেশের যে তালিকা করেছে সেখানে বাংলাদেশের নাম না থাকলেও দক্ষিণ এশিয়ার ৪টি দেশ স্থান পেয়েছে। দেশগুলো হলো- ভুটান, ভারত, নেপাল ও শ্রীলঙ্কা। 
ফলে রাজধানী ব্যাংককের বিমানবন্দরে বাড়ছে পর্যটকদের ভিড়। বিশেষ করে ইউরোপের শীত এড়িয়ে থাইল্যান্ডের বিভিন্ন দ্বীপের উষ্ণ প্রকৃতির বুকে সময় কাটাতে আগ্রহীদের ভিড়টা খুব চোখে পড়ার মতো।
জানা গেছে, কম ঝুঁকিপূর্ণ ৬৩ দেশের টিকা নেওয়া নাগরিকদের থাইল্যান্ডে হোটেলে কোয়ারেন্টিনে থাকতে হবে না। এর মধ্য দিয়ে দেশটির পর্যটন খাতে পুরনো চাঞ্চল্য ফিরে আসবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
তাদের ধারণা, বছরে প্রায় দেড় কোটির মতো পর্যটকের সমাগম ঘটতে পারে থাইল্যান্ডে। এতে তিন হাজার কোটি ডলারের মতো রাজস্ব আসবে।
করোনাভাইরাস মহামারির জন্য থাইল্যান্ডে এখনো বেশ কিছু বিধিনিষেধ চলছে। সেখানে দুই ডোজ টিকা পেয়েছে ৪২ শতাংশ মানুষ। এখনো প্রতিদিন ১০ হাজারের মতো রোগী শনাক্ত হচ্ছে।  


 

Share this post



Also on Bangladesh Monitor