অবেশেষে আজ মঙ্গলবার থেকে বিদেশি পর্যটকদের জন্য ভিসা সেবা চালু করছে ভারত। কোভিড মহামারির পরিপ্রেক্ষিতে দেড় বছরের বেশি সময় ধরে ভ্রমণ ভিসা স্থগিত রাখার পর এই ভিসা উন্মুক্ত করার সিদ্ধান্ত নিল ভারত।
আগামী ১৫ নভেম্বর থেকে ভারত যেতে বিদেশিদের ভ্রমণ ভিসা দেওয়া হবে। আর যারা চার্টার্ড ফ্লাইটে ভারতে যাবেন তাঁদের আগামী ১৫ অক্টোবর থেকেই ভ্রমণ ভিসা দেওয়া শুরু হবে। আপাতত পর্যটক ভিসায় কেবল আকাশ বা নৌপথে বাংলাদেশ থেকে ভারতে যাওয়া যাবে।
মূলত পর্যটনের মাধ্যমে অর্থনীতি চাঙ্গা করার উদ্দেশ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ভারত সরকারের কর্মকর্তারা। কোভিডে বিপর্যস্ত অর্থনীতিতে গতি আনতে আন্তর্জাতিক পর্যটকদের জন্য ভ্রমণ ভিসা উন্মুক্তকরণ বড় ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
এ ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, বেসামরিক বিমান মন্ত্রণালয়, পর্যটন মন্ত্রণালয় এবং রাজ্য সরকারগুলোসহ অংশীজনদের সঙ্গে পরামর্শ করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশিত কোভিড নির্দেশনা মেনে চলার জন্য রাজ্য সরকারগুলোকে অনুরোধ জানানো হয়েছে। সেই সঙ্গে পর্যটক ও অংশীজনদেরও এসব নির্দেশনা মেনে চলার ব্যাপারে বলা হচ্ছে।
এদিকে, গতকাল সোমবার ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন এক বার্তায় জানিয়েছে, বাংলাদেশ ও ভারতের মধ্যে ফ্লাইটের সংখ্যা বাড়ানো হয়েছে। আগামী ১৫ অক্টোবর থেকে উভয় দেশের মধ্যে সপ্তাহে ২১টি ফ্লাইট চলাচল করবে।
ভারত এবং বাংলাদেশ যৌথভাবে এয়ার বাবল ব্যবস্থার অধীনে ফ্লাইটের সংখ্যা প্রতি সপ্তাহে উভয় দেশেই ৭টি থেকে ২১টিতে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে। এ সিদ্ধান্ত ১৫ অক্টোবর থেকে কার্যকর হবে। এর ফলে চিকিৎসা ও ব্যবসায়িক উদ্দেশে ভ্রমণকারীরা উপকৃত হবেন।
দীর্ঘ দিন স্থগিত থাকার পর এয়ার বাবল চুক্তির আওতায় বাংলাদেশ ও ভারতের মধ্যে ফ্লাইট চলাচল গত ৫ সেপ্টেম্বর থেকে শুরু হয়।
দেশে করোনা সংক্রমণ বৃদ্ধি পেলে গত বছরের ১৪ এপ্রিল থেকে আন্তর্জাতিক ফ্লাইটে বিধি-নিষেধ আরোপ করা হয়। সে সময় ভারতসহ বেশকিছু দেশের সঙ্গে বাংলাদেশের ফ্লাইট চলাচল বন্ধ করা হয়। তখন চিকিৎসা, শিক্ষা, জরুরি প্রয়োজনে যারা ভারত গিয়েছিলেন তাদের স্থলপথে ফিরে আসতে হয়।
বাংলাদেশের বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, নভোএয়ার ও ইউএস বাংলা এয়ারলাইন্স ভারতে ফ্লাইট পরিচালনা করে। অন্যদিকে বাংলাদেশে ফ্লাইট পরিচালনা করে ভারতের এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো, স্পাইসজেট, ভিস্তারা ও গো এয়ার।