রিয়াদঃ সৌদি আরবের জাজান অঞ্চলে ১ হাজার ৩০০ কোটি বিলিয়ন রিয়াল (৩৪ কোটি ৬০ লাখ ডলার) ব্যয়ে একটি নতুন বিনোদন কেন্দ্র নির্মাণ করবে সৌদি এন্টারটেইনমেন্ট ভেঞ্চারস (সেভেন)।
৬০ হাজার বর্গমিটার পরিধির কেন্দ্রটি জাজানের নর্থ কর্নিশ পার্কের কাছে নির্মিত হবে। এতে মোট ৭৩ হাজার বর্গমিটার স্পেস তৈরি করা হবে। ঠিকাদারি প্রতিষ্ঠান আলফানার প্রজেক্টসকে প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্ব দেয়া হয়েছে।
প্রকল্পটি সেভেনের সৌদি আরবে বিনোদন খাত সম্প্রসারণের লক্ষ্য ও ভিশন ২০৩০-এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। সেভেনের চেয়ারম্যান আব্দুল্লাহ নাসের আল-দাউদ বলেন, ‘জাজানের নতুন বিনোদন কেন্দ্রটি সৌদি আরবের জনগোষ্ঠীগুলোর জীবনমান উন্নত ও রাজ্যের বিনোদন খাতকে সমৃদ্ধ করবে।’
কেন্দ্রটিতে ইনডোর গলফ কোর্স, একটি সিনেমা কমপ্লেক্স, কার্টিং ট্র্যাক, ইনডোর অ্যাডভেঞ্চার সেন্টার, রাইডসহ বিভিন্ন ধরনের বিনোদনের ব্যবস্থা থাকবে। সঙ্গে থাকবে খাবার ও কেনাকাটার আউটলেট। এটি স্থানীয় বাসিন্দা ও আশপাশের দর্শনার্থী সহজে প্রবেশযোগ্য হবে। জাজানের প্রাকৃতিক বৈচিত্র্য ও সাংস্কৃতিক উপাদানকে গুরুত্ব দিয়ে গ্লোবাল আর্কিটেকচার ফার্ম গেন্সলার প্রকল্পটি ডিজাইন করবে।
আলফানার প্রজেক্টসের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট আমের আলাজমি বলেন, ‘প্রকল্পটি আলফানারের জন্য বিশ্বমানের অভিজ্ঞতা আনার গুরুত্বপূর্ণ সুযোগ।’
জাজান অঞ্চলে বর্তমানে ৪৭টি উন্নয়ন প্রকল্প চলছে, যার সম্মিলিত খরচ ৩০০ কোটি রিয়ালের বেশি। সেভেন ৫ হাজার কোটি রিয়াল বিনিয়োগে সৌদি আরবের ১৪টি শহরে ২১টি বিনোদন কেন্দ্র নির্মাণ করছে। এসব প্রকল্প দেশের পর্যটন ও বিনোদন খাত রূপান্তরের লক্ষ্যকে এগিয়ে নেবে বলে আশা করছে সংস্থাটি।
-B