ঢাকাঃ জার্মান উড়োজাহাজ সংস্থা লুফথানসা গ্রুপ চলতি বছরের জুনে ইতালির রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা আইটিএ এয়ারওয়েজ'র অতিরিক্ত ৪৯ শতাংশ শেয়ার অধিগ্রহণ করবে। এই লেনদেন সম্পন্ন হলে প্রতিষ্ঠানটিতে লুফথানসার মালিকানা বর্তমান ৪১ শতাংশ থেকে বেড়ে ৯০ শতাংশে উন্নীত হবে। চুক্তির মোট মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৮ কোটি ২০ লাখ মার্কিন ডলার।
ইতালির অর্থ মন্ত্রণালয় ১০শতাংশ শেয়ার ধরে রাখবে, তবে ২০২৮ সালে সম্পূর্ণ বিক্রির বিকল্পও উন্মুক্ত থাকবে। ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের অনুমোদন সাপেক্ষে এই চুক্তি ২০২৭ সালের প্রথম প্রান্তিকে চূড়ান্ত হওয়ার কথা রয়েছে।
লুফথানসার সিইও কার্স্টেন স্পোর এই একীভূতকরণকে ইতিহাসের দ্রুততম অধিগ্রহণ বলে অভিহিত করেছেন।
আইটিএ এয়ারওয়েজ পূর্ববর্তী অ্যালিটালিয়া উড়োজাহাজ সংস্থার পতনের পর গঠিত হয়। আর্থিক অনিশ্চয়তার মুখে লুফথানসা বিনিয়োগকারী হিসেবে এগিয়ে আসে।
এই অধিগ্রহণের ফলে আইটিএ এয়ারওয়েজ লুফথানসা গ্রুপের পঞ্চম হাব এয়ারলাইন হিসেবে রোম ফিউমিচিনো বিমানবন্দর থেকে পরিচালিত হবে। ফ্রাংকফুর্ট ও মিউনিখের সাথে সংযোগ বাড়বে, স্টার অ্যালায়েন্সের সদস্যপদ, লাউঞ্জ সুবিধা এবং ট্রান্সআটলান্টিক যৌথ উদ্যোগেও সম্প্রসারণ ঘটবে।
একইসাথে আইটিএ-র উড়োজাহাজ রক্ষণাবেক্ষণ লুফথানসার অধীনে আসবে, যা পরিচালন ব্যয় কমাবে এবং দক্ষতা বাড়াবে। ভূমধ্যসাগর ও আফ্রিকার বাজারেও লুফথানসার শক্তিশালী অবস্থান নিশ্চিত হবে।
-B