তোহোকুর পর্যটক ঘাটতি পূরণ করবে অ্যাডভেঞ্চার ট্রাভেল

- মনিটর ডেস্ক রিপোর্ট Date: 12 August, 2025
তোহোকুর পর্যটক ঘাটতি পূরণ করবে অ্যাডভেঞ্চার ট্রাভেল

ঢাকাঃ অ্যাডভেঞ্চার ট্রাভেল। আউটডোর ঘোরাঘুরি ও সাংস্কৃতিক লেনদেনভিত্তিক এ পর্যটনের বৈশ্বিক বাজারমূল্য এখন ৪০ হাজার কোটি ডলারের বেশি। 

বৈশ্বিক পরিসরে এ সুযোগ কাজে লাগাতে তৎপর হয়েছে জাপানের উত্তর-পূর্বাঞ্চলীয় তোহোকু কর্তৃপক্ষ। 

জাপান ন্যাশনাল ট্যুরিজম অরগানাইজেশন, তোহোকু ট্যুরিজম প্রমোশন অরগানাইজেশন ও অন্য কিছু পক্ষ মিলে এরই মধ্যে একটি ভ্রমণের পরিকল্পনা তৈরি করছে। এতে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের ট্যুর অপারেটর ও গণমাধ্যম প্রতিনিধিরা উপস্থিত থাকবেন, তারা সপ্তাহব্যাপী তোহোকুর প্রধান পর্যটনকেন্দ্রগুলো পরিদর্শন করবেন। 

এ ভ্রমণের অন্যতম আকর্ষণীয় দিক প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে আউটডোর অ্যাডভেঞ্চার ও স্বতন্ত্র সাংস্কৃতিক অভিজ্ঞতা। যেখানে থাকছে ইওয়াতে প্রিফেকচারের উপকূলীয় শহর মিয়াকোর জোদোগাহামা বিচের কাছে সি-কায়াকিংয়ের সুযোগ। 

এছাড়া মিচিনোকু কোস্টাল ট্রেইলের একটি অংশে হাইকিং করবেন অতিথিরা। এটি প্রশান্ত মহাসাগরের উপকূল বরাবর হাজার কিলোমিটারের বেশি বিস্তৃত সাজানো-গোছানো একটি প্রাকৃতিক ট্রেইল। আকিতা প্রিফেকচারের কিতা আকিতার বন পরিদর্শন করবেন অতিথিরা, যেখানে অঞ্চলটির ঐতিহ্যবাহী শিকারি সম্প্রদায় মাতাগির সংস্কৃতির সঙ্গে পরিচিত হবেন তারা। যেখানে স্থানীয়দের রীতিনীতি তুলে ধরা হবে। 

যেমন পাহাড়ে যাওয়ার আগে নিরাপত্তার জন্য স্থানীয় মন্দিরে প্রার্থনা ও সুগন্ধি ডালপালা দিয়ে পরিশুদ্ধ হওয়া। সব মিলিয়ে অতিথিদের সামনে তোহোকুর অ্যাডভেঞ্চার ট্র্যাভেলের একটি রূপকল্প ফুটে উঠবে। 

এ বিষয়ে তোহোকু ট্যুরিজম প্রমোশন অরগানাইজেশনের নির্বাহী মহাপরিচালক জুনইচি কননো জানান, চোখের আড়ালে থাকা অসংখ্য সাংস্কৃতিক ও প্রাকৃতিক সম্পদে ভরপুর অঞ্চলটি। এখানে পর্যটকরা চাহিদা অনুযায়ী সাংস্কৃতিক ও প্রাকৃতিক বৈচিত্র্য উপভোগ করতে পারবেন। তোহোকুয় অ্যাডভেঞ্চার ট্রাভেল ঘিরে এরই মধ্যে বিভিন্ন সংস্থার মাঝে ব্যবসায়িক প্রত্যাশা বাড়ছে। যেমন মিচিনোকু কোস্টাল ট্রেইলের প্রচারে কাজ করছে জাপান এয়ারলাইনসের আঞ্চলিক কার্যালয়। 

এ ট্রেইল রক্ষণাবেক্ষণ ও উন্নয়নে অলাভজনক সংস্থার সঙ্গে মিলে কাজ করছে তারা। সাম্প্রতিক বছরে জাপানে বিদেশী পর্যটক চলাচল উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তবে টোকিও ও ওসাকার তুলনায় তোহোকুতে আসা পর্যটকের সংখ্যা তুলনামূলকভাবে কম। সেই ঘাটতি পূরণে অ্যাডভেঞ্চার ট্রাভেল ভালো বিকল্প বলে মনে করেন জুনইচি কননো। 

তিনি বলেন, ‘এর ওপর গুরুত্ব দিলে আরো বেশি পশ্চিমা পর্যটক আকর্ষণ করা সম্ভব। তোহোকুর পর্যটনের জন্য একটি মোড় ঘোরানোর বছর হতে পারে ২০২৫ সাল।’ 

-B

Share this post



Also on Bangladesh Monitor