ঢাকাঃ দেড় বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর আগরতলা-ঢাকা বাস সার্ভিস ফের চালু হয়েছে।
মঙ্গলবার বিকেলে আগরতলা থেকে ৫ জন যাত্রী নিয়ে ত্রিপুরা রোড ট্রান্সপোর্ট করপোরেশনের একটি বাস ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করে।
আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট সূত্রে জানা গেছে, ২০২৪ সালে ছাত্রজনতার অভ্যুত্থানের পর আগরতলা-ঢাকা রুটে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় বাংলাদেশিদের জন্য ভিসা পরিসেবা সীমিত করে ভারত সরকার।
দেড় বছরেরও বেশি সময় বন্ধের পর গত জানুয়ারির শেষ সপ্তাহ থেকে ত্রিপুরা রোড ট্রান্সপোর্ট করপোরেশনের (টিআরটিসি) একটি বাস আগরতলা-ঢাকা রুটে পরীক্ষামূলক চলাচল শুরু করে।
মঙ্গলবার সকালে ঢাকা থেকে একটি বাস আখাউড়া স্থলবন্দর দিয়ে আগরতলায় পৌঁছালে ত্রিপুরা রাজ্য সরকারের পরিবহনমন্ত্রী সুশান্ত চৌধুরী এবং ত্রিপুরা রোড ট্রান্সপোর্ট করপোরেশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সমর রায় বাসটিকে স্বাগত জানান। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হলো আগরতলা-ঢাকা রুটে যাত্রীবাহী বাস চলাচল।
টিআরটিসি কর্তৃপক্ষের বরাত দিয়ে আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শরীফ রহমান জানান, বাসটি গত জানুয়ারি মাস থেকেই পরীক্ষামূলকভাবে চলাচল করছে।
আজকে আনুষ্ঠানিকভাবে চলাচল শুরু করেছে। প্রথম দিকে সপ্তাহে দুইদিন চলাচল করবে বাসটি।
তিনি জনান, প্রথমদিন বাসের স্টাফ ও যাত্রী মিলিয়ে ৯ জন ঢাকা থেকে আগরতলায় গেছেন। আর আগরতলা থেকে ঢাকায় ফেরার পথে ছিলেন ৫ জন।
-B