ঢাকাঃ ভারতে আকাশপথে ফের ভয়াবহ দুর্ঘটনা। রাঁচি থেকে দিল্লিগামী একটি এয়ার অ্যাম্বুলেন্স মাঝ আকাশে যোগাযোগ হারিয়ে ঝাড়খণ্ডে ভেঙে পড়েছে। উড়োজাহাজ টিতে মোট ৭জন ছিলেন। শেষ খবর অনুযায়ী, ৭ জনেরই মৃত্যু হয়েছে।
উড়োজাহাজটি ছিল বিচক্রাফট সি-৯০ মডেলের। এটি পরিচালনা করছিল রেডবার্ড এয়ারওয়েজ প্রাইভেট লিমিটেড। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা ১১ মিনিটে ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি থেকে উড্ডয়ন করে উড়োজাহাজ টি। প্রায় ২৩ মিনিট পর সেটির সঙ্গে রাডার ও এটিসির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন জানায়, কলকাতার সঙ্গে যোগাযোগের পর রাত ৭টা ৩৪ মিনিটে উড়োজাহাজটি রাডার থেকে হারিয়ে যায়। পরে চাতরা জেলার সিমারিয়া থানা এলাকায় এর ধ্বংসাবশেষ পাওয়া যায়। শুরুতে ধারণা করা হয়েছিল, পালামৌ ও লাতেহারের মাঝামাঝি কোথাও দুর্ঘটনা ঘটেছে।
উড়োজাহাজে ছিলেন ২ পাইলট—বিবেক বিকাশ বিলাগত ও সর্বদীপ সিংহ। এছাড়া ছিলেন এক রোগী, ২জন সহকারী, ১জন চিকিৎসক ও ১জন প্যারামেডিক।
৪১ বছর বয়সী ওই রোগীর শরীরের ৬৩ শতাংশ পুড়ে গিয়েছিল। তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন এবং উন্নত চিকিৎসার জন্য তাকে দিল্লিতে নেওয়া হচ্ছিল।
জেলা প্রশাসনের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে এয়ারক্রাফট অ্যাকসিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো বা এএআইবি তদন্তে নামছে।
-B