ঢাকাঃ বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কাছ থেকে নো অবজেকশন সার্টিফিকেট (অনাপত্তি সনদ-এনওসি) পেল নতুন বেসরকারি বিমানসংস্থা ‘এয়ার অ্যাস্ট্রা’।
প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইমরান আসিফ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত ২১ সেপ্টেম্বর বেবিচকের কাছে এয়ারলাইন প্রতিষ্ঠান হিসেবে তালিকাভুক্তি এবং ফ্লাইট পরিচালনার আবেদন জমা দেওয়া হয়। ফলে, বৃহস্পতিবার, ৪ নভেম্বর, বেবিচক এয়ার অ্যাস্ট্রাকে এনওসি দেয়।
তিনি আরও জানান, পরবর্তী প্রক্রিয়া হিসেবে এয়ার অপারেটর সার্টিফিকেটের (এওসি) জন্য আবেদন করা হবে। সব অনুমোদন ও প্রক্রিয়া শেষ হলে ২০২২ সালের ফেব্রুয়ারিতে অপারেশন শুরু করবে এয়ার অ্যাস্ট্রা।
আসিফ আরও বলেন, এয়ারলাইন্সটি অন্তত এক বছর অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনার পর আন্তর্জাতিক রুটে ফ্লাইটের অনুমতি পাবে।
প্রাথমিকভাবে অভ্যন্তরীণ রুটে ৪টি এটিআর ৭২-৬০০ মডেলের এয়ারক্রাফট নিয়ে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে তাদের।
বিমানসংস্থাটির এয়ারক্রাফট কেনার বিষয়ে আলোচনা চলছে। তারা এনওসি পাওয়ার অপেক্ষায় ছিল। এখন অবশেষে তা পেয়ে যাওয়ায় বিমানসংস্থাটি এয়ারক্রাফট কেনার প্রক্রিয়ার দিকে আগাবে।