ঢাকাঃ দেশের সর্বকনিষ্ঠ এয়ারলাইনস হিসেবে আন্তর্জাতিক এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন (আয়াটা) সদস্যপদ লাভ করেছে এয়ার অ্যাস্ট্রা।
বাণিজ্যিক পরিচালনা শুরুর মাত্র দুই বছরের মধ্যেই আয়াটার সদস্য হিসেবে স্বীকৃতি লাভেরপর প্রতিষ্ঠানটি যাত্রীদের নিরাপদ এবং নিশ্চিন্তে ভ্রমণের অধিকারকে আরও নিশ্চিত করার প্রতিশ্রুতি প্রকাশ করেছে।
এয়ার অ্যাস্ট্রা কর্তৃপক্ষ জানিয়েছে, এই সদস্যপদ তাদের আন্তর্জাতিক মানের পরিষেবা প্রদানে সহায়তা করবে এবং গ্রাহকদের জন্য আরও উন্নত ভ্রমণ অভিজ্ঞতা নিশ্চিত করবে।
বুধবার (২৩ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে আয়াটা জানায়, আয়াটার উদ্দেশ্য হলো এয়ারলাইনসশিল্পকে নেতৃত্ব দেওয়ার মধ্য দিয়ে প্রতিনিধিত্ব করা। আয়াটা বিশ্বব্যাপী ১২০টিরও বেশি দেশের প্রায় ৩৪০টি এয়ারলাইনসের সম্মিলিত কণ্ঠস্বর এবং এর উদ্দেশ্য হলো একটি নিরাপদ এবং টেকসই এয়ার ট্রান্সপোর্টশিল্পের ভবিষ্যৎ বৃদ্ধির জন্য একসঙ্গে কাজ করা, যা বিশ্বকে সংযুক্ত এবং সমৃদ্ধ করে।
বিজ্ঞপ্তিতে এ বিষয়ে এয়ার অ্যাস্ট্রার সিইও ইমরান আসিফ বলেন, ‘আইওএসএ সার্টিফিকেশনের পর দেশের সর্বকনিষ্ঠ এয়ারলাইনস হিসেবে আয়াটার সদস্য হওয়া আমাদের যাত্রায় একটি উল্লেখযোগ্য মাইলফলক এবং এটি এয়ার অ্যাস্ট্রার সব কর্মীর অটল উৎসর্গের একটি প্রমাণ।
এয়ার অ্যাস্ট্রা বর্তমানে ঢাকা-কক্সবাজার-ঢাকা, ঢাকা-চট্টগ্রাম-ঢাকা এবং ঢাকা-সৈয়দপুর-ঢাকা রুটে প্রতিদিন ১৩টি ফ্লাইট পরিচালনা করছে। এয়ার অ্যাস্ট্রার বহরে বর্তমানে চারটি এটিআর ৭২-৬০০ মডেলের বিমান রয়েছে, যা ফ্রান্সে নির্মিত সর্বাধুনিক প্রযুক্তির নিরাপদ টার্বোপ্রপ উড়োজাহাজ।
-B