ঢাকা-সিলেট রুটে ফের ফিরছে এয়ার অ্যাস্ট্রা 

-মনিটর রিপোর্ট Date: 25 May, 2025
ঢাকা-সিলেট রুটে ফের ফিরছে এয়ার অ্যাস্ট্রা 

ঢাকাঃ আসন্ন ঈদুল আজহা উপলক্ষে যাত্রীদের সুবিধার্থে সিলেট রুটে আবারও ফ্লাইট চালু করতে যাচ্ছে বেসরকারি উড়োজাহাজ সংস্থা এয়ার অ্যাস্ট্রা। 

আগামী ২৯ মে থেকে প্রতিদিন এই রুটে ২টি করে ফ্লাইট পরিচালনা করবে সংস্থাটি।

ঢাকা থেকে সিলেটগামী ফ্লাইট ছেড়ে যাবে সকাল ৭টা ৩০ মিনিট এবং রাত ৭টা ৩০ মিনিটে। সিলেট থেকে ঢাকাগামী ফ্লাইট ছাড়বে সকাল ৮টা ৫০ মিনিট ও রাত ৮টা ৫০ মিনিটে। এই রুটে ওয়ানওয়ে ন্যূনতম ভাড়া নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৬৯৯ টাকা।

এয়ার অ্যাস্ট্রা'র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইমরান আসিফ বলেন, 'সিলেট এয়ার অ্যাস্ট্রার জন্য একটি গুরুত্বপূর্ণ গন্তব্য। এয়ারক্রাফট স্বল্পতার কারণে আমরা কিছুদিন সিলেট রুটে ফ্লাইট স্থগিত রেখেছিলাম। এখন থেকে নিয়মিত ফ্লাইট চলবে। নিরাপদ যাত্রীসেবা ও সময়ানুবর্তিতার মাধ্যমে এয়ার অ্যাস্ট্রাকে যাত্রীদের সবচেয়ে পছন্দের ও নির্ভরযোগ্য এয়ারলাইন্স হিসেবে প্রতিষ্ঠিত করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।'

২০২২ সালের ২৪ নভেম্বর থেকে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনা শুরু করে এয়ার অ্যাস্ট্রা। বর্তমানে সংস্থাটি ঢাকা-কক্সবাজার রুটে প্রতিদিন ৪টি, ঢাকা-চট্টগ্রাম রুটে ৫টি এবং সৈয়দপুর রুটে প্রতিদিন ৩টি ফ্লাইট পরিচালনা করছে।

এয়ার অ্যাস্ট্রার বহরে রয়েছে ৪টি এটিআর ৭২-৬০০ এয়ারক্রাফট, যা ফ্রান্সে নির্মিত সর্বাধুনিক প্রযুক্তির নিরাপদ টার্বোপ্রপ উড়োজাহাজ।

-B

Share this post



Also on Bangladesh Monitor