বিদেশের আকাশে পাড়ি জমাতে চায় এয়ার অ্যাস্ট্রা

মনিটর রিপোর্ট Date: 16 April, 2024
বিদেশের আকাশে পাড়ি জমাতে চায় এয়ার অ্যাস্ট্রা

ঢাকা: নেপালের পর্যটনপ্রিয় নগরী পোখারায় ঢাকা থেকে সরাসরি ফ্লাইট চালুর পরিকল্পনা করেছে এয়ার অ্যাস্ট্রা। এটি চালু হলে বাংলাদেশ ও নেপালের এয়ারলাইন্সগুলোর মধ্যে প্রথম এ রুটে যাতায়াত করবে নবীনতম এয়ারলাইন্স প্রতিষ্ঠানটি।

মূলত দেশের অভ্যন্তরীণ রুটে এক বছর ফ্লাইট পরিচালনার পর এবার বিদেশের আকাশে পাড়ি জমাতে চায় এয়ার অ্যাস্ট্রা। ইতোমধ্যে ভারত ও নেপালের তিন রুটে ফ্লাইট পরিচালনার অনুমোদন চেয়েছে তারা।

এয়ার অ্যাস্ট্রা জানিয়েছে, চলতি বছরের মার্চে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এবং ভারত-নেপালের সিভিল এভিয়েশন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা ব্যক্ত করে অনুমতি চাওয়া হয়েছে। প্রাথমিকভাবে ভারতের কলকাতা, নেপালের কাঠমান্ডু এবং পোখারা রুটে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে। নেপালে ফ্লাইটের অনুমতির পাশাপাশি অবতরণ ফি, জ্বালানি কর এবং পার্কিং চার্জসহ ফি ছাড় চাওয়া হয়েছে। এই তিনটির যে কোনো একটি রুটের অনুমতি পেলে নিজেদের বহরে থাকা এটিআর ৭২-৬০০ দিয়ে ফ্লাইট পরিচালনা করা হবে।

এ বিষয়ে জানতে চাইলে এয়ার অ্যাস্ট্রার সিইও ইমরান আসিফ বলেন, তিন রুটের ফ্লাইট পরিচালনার বিষয়ে বেবিচককে জানিয়েছি। যে রুটের অ্যাপ্রুভাল আগে আসবে, সেই রুটে আমরা আগে ফ্লাইট চালু করব। এই তিন রুটের মার্কেট এতো বড় নয়, এটিআর ৭২-৬০০ মডেলের (৭০ যাত্রীবাহী ফ্লাইট) প্লেন দিয়ে ফ্লাইট পরিচালনা করা হবে। অদূর ভবিষ্যতে যখন আমাদের বহরে বোয়িং বা এয়ারবাসের ন্যারো বডি (মাঝারি আকারের) এয়ারক্রাফট আসবে তখন আমরা অন্য রুটে ফ্লাইট চালু করব।

তিনি আরও বলেন, বর্তমানে এয়ার অ্যাস্ট্রার বহরে মোট তিনটি এয়ারক্রাফট রয়েছে। এপ্রিলের শেষে মে মাসে আরেকটি এটিআর যুক্ত হবে। কাঠমান্ডু ও পোখারা রুট দিয়েই আমরা আন্তর্জাতিক রুটে ফ্লাইট চালু করতে চাই।

এয়ার অ্যাস্ট্রার চিফ কমার্শিয়াল অফিসার সোহেল মাজিদ বলেন, বাংলাদেশি পর্যটকদের অধিকাংশই পোখারা যায়। কিন্তু বাংলাদেশ থেকে পোখারায় কোনো এয়ারলাইন্সই সরাসরি ফ্লাইট পরিচালনা করে না। এছাড়া পোখারা বিমানবন্দর ট্যুরিজমের একটি হাব। তাই এ রুটে ফ্লাইট চালুর পরিকল্পনা করেছে এয়ার অ্যাস্ট্রা।

-B

Share this post



Also on Bangladesh Monitor