মার্চে ডাবল ডিজিটে বেড়েছে এয়ার কার্গো

মনিটর অনলাইন  Date: 04 May, 2024
মার্চে ডাবল ডিজিটে বেড়েছে এয়ার কার্গো

মন্ট্রিল, কানাডা: অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাণিজ্যের বেশির ভাগ অংশই যথাক্রমে সড়ক ও সমুদ্রপথে হয়। তবে দিন দিন উড়োজাহাজে পণ্য আনা-নেয়ার খরুচে প্রবণতা বাড়ছে। 

এয়ার কার্গোর বাজার বিষয়ে সাম্প্রতিক বিশ্লেষণ বলছে, চাহিদা, সক্ষমতা, বাণিজ্য ও শিল্পোৎপাদন সার্বিকভাবে বাড়ার প্রভাব পড়ছে আকাশপথে। ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন (আইএটিএ) প্রকাশিত সাম্প্রতিক প্রতিবেদন তেমনই সাক্ষ্য দিচ্ছে। এতে দেখা যায় মার্চে ডাবল ডিজিটে বেড়েছে এয়ার কার্গো। 

প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালের মার্চে এয়ার কর্গোর মোট চাহিদা আগের বছরের একই সময়ের তুলনায় ১০ দশমিক ৩ শতাংশ বেড়েছে। আন্তর্জাতিক ক্ষেত্রে এ বৃদ্ধির হার ১১ দশমিক ৪ শতাংশ। খাতটি টানা চতুর্থবারের মতো ডাবল ডিজিটে প্রবৃদ্ধি অব্যাহত রয়েছে। বৈশ্বিক এয়ার কার্গো সক্ষমতা বাড়ার কারণে এটি বার্ষিক ৭ দশমিক ৩ শতাংশ হারে বেড়েছে। আন্তর্জাতিক ক্ষেত্রে কার্যক্রম পরিচালনার সক্ষমতা বেড়েছে ১০ দশমিক ৫ শতাংশ।

আইএটিএর মহাপরিচালক উইলি ওয়ালশ বলেছেন, ‘‌এ প্রবৃদ্ধি চলতি বছরের প্রথম প্রান্তিকের পারফরম্যান্সে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। এমনকি কভিড-১৯ সংকটকালীন ২০২১ সালের প্রথম প্রান্তিকের পারফরম্যান্সকে কিছুটা ছাড়িয়ে গেছে।’

প্রতিবেদনে এয়ার কার্গোর সামগ্রিক প্রবণতা সম্পর্কে পূর্বাভাস দিতে বেশকিছু বিষয়ে আলোকপাত করা হয়। সেখানে বলা হয়, এর আগে ফেব্রুয়ারিতে এ খাতের বৈশ্বিক আন্তঃসীমান্ত বাণিজ্য ১ দশমিক ২ ও শিল্পোৎপাদন ১ দশমিক ৬ শতাংশ বেড়েছিল।

আরো বলা হচ্ছে, ম্যানুফ্যাকচারিং আউটপুট পারচেজিং ম্যানেজারস ইনডেক্সে (পিএমআই) ইতিবাচক প্রবণতা দেখা গেছে। এ সূচক মার্চে ৫১ দশমিক ৯ পয়েন্টে ওঠে। সেই সঙ্গে নতুন রফতানি আদেশ হয়ে পিএমআই ৪৯ দশমিক ৫ পয়েন্ট, যা নিরপেক্ষ অবস্থার চেয়ে কিছুটা কম।

প্রতিবেদনে মূল্যস্ফীতির ওপর মিশ্র একটি চিত্র তুলে ধরা হয়েছে। কারণ ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মূল্যস্ফীতির হার কমে ২ দশমিক ৬ শতাংশে রয়েছে ও জাপানের ২ দশমিক ৭ শতাংশ। তবে যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি বেড়ে ৩ দশমিক ৫ শতাংশে পৌঁছেছে। অন্যদিকে চীনের মূল্যস্ফীতি হার মাইনাস ১ শতাংশে রয়েছে। 

উইলি ওয়ালশের মতে, বৈশ্বিক বাণিজ্য ও শিল্পোৎপাদনের মাধ্যমে আগামীতে এয়ার কার্গো খাত আরো শক্তিশালী হবে। আইএটিএর মহাপরিচালক বলেন, ‘‌বিশ্বব্যাপী আন্তঃসীমান্ত বাণিজ্য ও শিল্পোৎপাদনে একটি মাঝারি ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত। সেদিক থেকে ২০২৪ সালের এয়ার কার্গোর জন্য একটি শক্তিশালী বছর হতে চলেছে।’ 

সাম্প্রতিক ভূরাজনৈতিক প্রভাবও এয়ার কার্গো খাতে অবদান রাখছে। বিশেষ করে লোহিত সাগরে হুথি আক্রমণের কারণে সমুদ্রপথের গুরুত্বপূর্ণ একটি অংশ এড়িয়ে চলেছে বড় শিপিংলাইনগুলো, যা সামগ্রিক সরবরাহ চেইনে প্রভাব ফেলেছে। গত বছর থেকে এ কারণে অনেক প্রতিষ্ঠান এয়ার কার্গোর মাধ্যমে জরুরি পণ্য পরিষেবা সচল রেখেছে, যা এ খাতের প্রবৃদ্ধিতে অবদান রেখেছে।
-B

Share this post



Also on Bangladesh Monitor