ঢাকা: মুক্তিযুদ্ধে বাংলাদেশ বিমানবাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও কিলো ফ্লাইটের সদস্য এবং তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা প্রদান করেছেন বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।
সশস্ত্র বাহিনী দিবস-২০২৪ উপলক্ষে শুক্রবার (২২ নভেম্বর) ঢাকার তেজগাঁওয়ের বিএএফ শাহীন হলে আয়োজিত অনুষ্ঠানে এ সংবর্ধনা দেন তিনি।
অনুষ্ঠানে কিলো ফ্লাইটের সদস্যসহ মোট ২৯ জনকে সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় উপস্থিত খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও কিলো ফ্লাইটের সদস্য এবং তাদের উত্তরাধিকারীদের সঙ্গে কুশল বিনিময় ও উপহার সামগ্রী প্রদান করেন বিমানবাহিনীর প্রধান।
অনুষ্ঠানে মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সব শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের পরম শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন হাসান মাহমুদ খাঁন। তিনি বলেন, মুক্তিযুদ্ধে রণাঙ্গনে মাত্র ৩টি বিমান নিয়ে যে বিমানবাহিনীটির জন্ম হয়েছিল, তা আজ অত্যাধুনিক যুদ্ধবিমান, পরিবহন বিমান, হেলিকপ্টার, বিভিন্ন ধরনের র্যাডার, ক্ষেপণাস্ত্র এমনকি ওভারহলিং প্রযুক্তিতে সমৃদ্ধ। অপারেশনাল ও প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে অনেক প্রকল্প হাতে নেওয়া হয়েছে এবং বেশ কিছু প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করা হয়েছে।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রিন্সিপাল স্টাফ অফিসারসহ বিমানবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন ঘাঁটির বিমান সেনারা উপস্থিত ছিলেন।
-B