ঢাকাঃ সিঙ্গাপুর থেকে চেন্নাইগামী এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই-৩৪৭-এ থাকা ১৮৬ জন যাত্রী বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন।
মাটি থেকে মাত্র ২০০ ফুট দূরে থাকতে হঠাৎ করেই অবতরণ বাতিল করে মাঝ আকাশে ঘুরতে বাধ্য হয় ফ্লাইটটি।
বাতাসের অস্বাভাবিক গতির কারণে শেষ মুহূর্তে অবতরণ বাতিল করে প্রায় আধঘণ্টা চেন্নাইয়ের আকাশে ঘুরপাক খাওয়ার পর অবশেষে নিরাপদে ফ্লাইটটি অবতরণ করে।
বুধবার (২৮ মে) সকাল ১০টা ১৫ মিনিটে চেন্নাই বিমানবন্দরে এ ঘটনা ঘটে। ভারতীয় গণমাধ্যম এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, চেন্নাই বিমানবন্দরে অবতরণের কথা ছিল ফ্লাইটটির। কিন্তু অবতরণের ঠিক আগমুহূর্তে আবহাওয়ার হঠাৎ পরিবর্তনের কারণে বিপত্তিতে পড়েন পাইলট। বাধ্য হয়ে তিনি ফ্লাইটটির মুখ আবার উপরের দিকে ঘুরিয়ে নেন এরপর প্রায় ৩০ মিনিট চেন্নাই বিমানবন্দরের উপরের আকাশেই ঘুরপাক খায়। অবশেষে বাতাসের গতি কমে এলে নিরাপদে অবতরণ করে।
চেন্নাই বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, রানওয়ের কাছাকাছি আসতেই হঠাৎ বাতাসের গতি ও দিক বদলে যায়। এর ফলে ফ্লাইটটি অবতরণ ‘অস্থিতিশীল’ বা ‘আনস্টেবিলাইজড’ হয়ে পড়ে। ফলে ঝুঁকি না নিয়ে পাইলট তাৎক্ষণিকভাবে অবতরণ বাতিল করে ফ্লাইটটি আকাশে উড়িয়েই রাখেন।
এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়া (এএআই) জানিয়েছে, ফ্লাইটটি প্রায় আধাঘণ্টা আকাশে চক্কর কাটে। পরে সকাল ১০টা ৩৭ মিনিটে নিরাপদে চেন্নাইয়ে অবতরণ করে।
বিমানবন্দরের এক কর্মকর্তা বলেন, ‘এ ধরনের পরিস্থিতিতে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করাই সবচেয়ে বড় বিষয়। পাইলট যথাযথ সিদ্ধান্ত নিয়েছেন।’’ চোখের সামনে ঘটে যাওয়া ঘটনাটি দেখে চেন্নাই বিমানবন্দরে উপস্থিত অনেকেই চমকে যান। তবে শেষ পর্যন্ত কেউ আহত হননি।
রানওয়ের কাছে বাতাসের গতিবিধি স্বাভাবিক হলে ফ্লাইটটি নিরাপদে অবতরণ করে। যাত্রীরা সবাই সুরক্ষিত আছেন বলেও জানান ওই কর্মকর্তা।
-B