আজও ভয়াবহ বায়ুদূষণ ঢাকায়

-মনিটর রিপোর্ট Date: 10 March, 2026
আজও ভয়াবহ বায়ুদূষণ ঢাকায়

ঢাকাঃ রোদ আছে, তবু সকাল থেকেই রাজধানীর আকাশে যেন ধুলোর পর্দা ছড়িয়ে আছে। তেল সংকটে  স্বাভাবিকভাবে রাজধানীতে যানবাহন কম চলছে। অনেক  কলকারখানাও এত সকালে বন্ধ। এ শহরের দূষণের বড় উৎস এগুলো। তারপরও আজ বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে উঠে এসেছে রাজধানী ঢাকা। 

বিশ্বের বিভিন্ন শহরে মতো রাজধানী ঢাকাও দীর্ঘদিন থেকে বায়ুদূষণের কবলে। কিছুদিন আগে শহরটির বায়ুমানে সামান্য উন্নতি দেখা গেলেও সাম্প্রতিক সময়ে আবারও দূষণের মাত্রা বাড়তে শুরু করেছে।

আজ মঙ্গলবার (১০ মার্চ) সকালে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে উঠে এসেছে রাজধানী ঢাকা। শহরটির বায়ুমানের স্কোর ২৪১। বায়ুমানের এ স্কোর ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়।

আইকিউএয়ারের তথ্যানুযায়ী আজ ২১৮ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি শহর। এ ছাড়া ২১৫ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর শহর, ১৯২ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে নেপালের রাজধানী কাঠমান্ডু এবং পঞ্চম অবস্থানে থাকা মিয়ানমারের ইয়াঙ্গুন শহরের স্কোর ১৭১।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।

এছাড়াও ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

-B

Share this post



Also on Bangladesh Monitor