আকাশপথে বিশৃঙ্খলা ঠেকাতে কঠোর হবে বেবিচক

-মনিটর রিপোর্ট Date: 13 July, 2025
আকাশপথে বিশৃঙ্খলা ঠেকাতে কঠোর হবে বেবিচক

ঢাকাঃ উড়োজাহাজ চলাচলে বিঘ্ন সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

শুক্রবার (১১ জুলাই) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাঠমান্ডুগামী বিমানের একটি ফ্লাইটে বোমা থাকার মিথ্যা খবর ছড়িয়ে আতঙ্ক সৃষ্টির ঘটনার পর  শনিবার(১২ জুলাই) বেবিচক এ সতর্কবার্তা দেয়।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ গণমাধ্যমকে বলেন, ‘এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে আমরা কঠোর ব্যবস্থা গ্রহণ করেছি। শুক্রবারের ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা ইতোমধ্যে নেয়া হয়েছে এবং ভবিষ্যতেও কঠোরভাবে আইন প্রয়োগ করা হবে।’

তিনি বলেন, যাত্রীদের নিরাপত্তা ও বিমান চলাচলের সুষ্ঠুতা বেবিচক’র সর্বোচ্চ অগ্রাধিকার এবং এ ধরনের ঘটনা কোনোভাবেই সহ্য করা হবে না।

বেসামরিক বিমান চলাচল অধ্যাদেশ অনুযায়ী, ইচ্ছাকৃত বা বেপরোয়াভাবে বিমান চলাচলে হুমকি সৃষ্টিকারী ব্যক্তির বিরুদ্ধে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড অথবা সর্বোচ্চ পাঁচ কোটি টাকা পর্যন্ত জরিমানাসহ কঠোর শাস্তির বিধান রয়েছে।

শুক্রবার (১১ জুলাই)এক অজ্ঞাত ব্যক্তি এয়ার ট্রাফিক কন্ট্রোলকে ফোন করে জানায়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাঠমান্ডুগামী বিমানের বিজি-৩৭৩ ফ্লাইটে বোমা রাখা হয়েছে। ফ্লাইটটিতে ১৪২ জন যাত্রী এবং সাতজন ক্রু ছিলেন।

বেবিচক’র নির্দেশ অনুসারে, বিমান বাহিনীর টাস্ক ফোর্স ও এভসেক দ্রুত বিমানটির চারপাশে একটি নিরাপত্তা ব্যবস্থা স্থাপন করে। বিমান বাহিনীর বোমা নিস্ক্রিয়করণ দল, এপিবিএন;র ডগ স্কোয়াড এবং র‌্যাবের বোমা নিস্ক্রিয়করণ ইউনিট বিমান এবং লাগেজগুলোতে তল্লাশি চালায়।

যাত্রীদের নিরাপদে সরিয়ে লাউঞ্জে রাখা হয় এবং অন্য ফ্লাইট চলাচল স্বাভাবিক থাকে। সন্ধ্যা ৭টা ৫৮ মিনিটে তল্লাশি শেষ হয়। কোনো বিস্ফোরক বা সন্দেহজনক কিছু মেলেনি। রাত ৯টা ২২ মিনিটে বিমানটি কাঠমান্ডুর উদ্দেশ্যে ছেড়ে যায়।

-B

Share this post



Also on Bangladesh Monitor