যুক্তরাষ্ট্রে রেকর্ড উচ্চতায় পৌঁছেছে উড়োজাহাজের লাগেজ ফি

মনিটর ডেস্ক রিপোর্ট  Date: 04 March, 2024
যুক্তরাষ্ট্রে রেকর্ড উচ্চতায় পৌঁছেছে উড়োজাহাজের লাগেজ ফি

যুক্তরাষ্ট্রের প্রচারিত এক বিজ্ঞাপনে বলা হচ্ছে, চলতি মাসের শেষ দিকে ডেনভার থেকে ডালাসে আসা-যাওয়ার ফ্লাইট ভাড়া হবে ৯১ ডলার। কিন্তু একই সময় বিমানবন্দরে ব্যাগ পরীক্ষার ফি হিসেবে একজন যাত্রীকে প্রায় ৮০ ডলার দিতে হবে। অর্থাৎ যাত্রীর ভাড়া ও লাগেজ ফি প্রায় সমান হবে।  

প্রতিবেদনে বলা হয়, দেশটিতে ব্যাগেজ ফি রেকর্ড পরিমাণ উচ্চতায় পৌঁছেছে। এ খাতের বিশেষজ্ঞরা দাবি করছেন, যাত্রীদের পকেট থেকে যাওয়া এ অর্থ এয়ারলাইনস শিল্পের জন্য বেশ লাভজনক ও কর সাশ্রয়ী। 

সপ্তাহ খানেক আগে লাগেজ ফি ৫ ডলার বাড়ানোর ঘোষণা দিয়েছে আমেরিকান এয়ারলাইনস। সেখানে বলা হয়, অনলাইনে অগ্রিম পে করলে খরচ হবে ৩৫ ডলার। তবে যারা পরে ফি দেবেন তাদের জন্য ৪০ ডলার ধার্য করা হয়েছে। 

পিছিয়ে নেই অন্য এয়ারলাইনসগুলোও। ইউনাইটেড, জেটব্লু ও আলাস্কা এয়ারলাইনস চলতি বছরে ফি বাড়ানোর ঘোষণা দিয়েছে। তবে সাউথওয়েস্ট হলো একমাত্র এয়ারলাইনস যারা কোনো চার্জ নেয় না। অন্যদিকে প্রথম এয়ারলাইনস হিসেবে ব্যাগ চেক করার জন্য ৩০ ডলার উচ্চ ফি নির্ধারণ করেছিল ডেল্টা। তবে ২০১৮ সালের পর তারা এ বাবদ ফি বাড়ায়নি।

লাগেজ ফি বাড়ানো মার্কিন এভিয়েশন খাতে তুলনামূলকভাবে নতুন ঘটনা। ২০০৮ সালে আমেরিকান এয়ারলাইনস বড় পরিষেবাদাতাদের মধ্যে প্রথম ব্যাগ চেক করার জন্য ফি নির্ধারণ করে, যা ছিল ১৫ ডলার। এছাড়া এয়ারলাইনসগুলো একটি নির্দিষ্ট ওজনের বেশি ব্যাগের জন্য অতিরিক্ত চার্জ করে, যার পরিমাণ প্রায় ৬৩ ডলার। 

অভ্যন্তরীণ উড়োজাহাজ ভাড়ার ক্ষেত্রে ৭ দশমিক ৫ শতাংশ আবগারি কর দিতে হয়। তবে সে কর এয়ারলাইনস ফির জন্য প্রযোজ্য নয়। তাই অভ্যন্তরীণ যাতায়াতে আয় থেকে করের খরচ তুলে নিতে পারে এয়ারলাইনসগুলো। এ ব্যাগ ফি এয়ারলাইনসের আয়ের একটি বড় উৎস। ২০২২ সালে মার্কিন পরিবহন বিভাগের দেয়া তথ্যানুযায়ী, আগের বছর উড়োজাহাজ সংস্থাগুলো ৬৮০ কোটি ডলার ব্যাগেজ ফি সংগ্রহ করেছে। এ অংক ২০১৯ সালে প্রাক-মহামারী স্তর থেকে ১৭ শতাংশ বেশি এবং এক দশক আগের তুলনায় দ্বিগুণ। 

সব মিলিয়ে ব্যাগ ফি এয়ারলাইনসের পরিচালন আয়ের ক্রমবর্ধমান একটি অংশ। ২০২০ সালের এক জরিপ অনুসারে, লাগেজ ফি বড় সংস্থার ক্ষেত্রে আয়ের প্রায় ৪ শতাংশ। অন্যদিকে স্পিরিট ও ফ্রন্টিয়ারের মতো স্বল্প মূল্যের পরিষেবা দাতাদের ক্ষেত্রে আয়ের ২১ শতাংশ জুড়ে আছে। 

ব্যাগ ফি এয়ারলাইনসকে অন্যান্য সুবিধাও দিয়ে থাকে। যেমন লাভজনক কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড থেকে বিশেষ সুবিধা পেয়ে থাকে। ডেল্টা স্কাইমাইলস আমেরিকান এক্সপ্রেস কার্ড থাকলে গ্রাহকদের বিনামূল্যে প্রথম ব্যাগটি চেকের সুযোগ পান। এসব কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ডও এয়ারলাইনসের অন্যতম রায়ের উৎস। গত বছর এ খাতে খরচ হয়েছে প্রায় ২ হাজার ৫০০ কোটি ডলার। 

-B

Share this post



Also on Bangladesh Monitor