সিন্ডিকেট নয় সকল বৈধ এজেন্সিকে কর্মী প্রেরণে সুযোগ দেয়া হবে 

-মনিটর রিপোর্ট Date: 21 August, 2025
সিন্ডিকেট নয় সকল বৈধ এজেন্সিকে কর্মী প্রেরণে সুযোগ দেয়া হবে 

ঢাকাঃ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, জনশক্তি রফতানিতে কেবল মধ্যপ্রাচ্য ও মালয়েশিয়ার দিকে তাকিয়ে থাকলে হবে না। ইউরোপের বিভিন্ন দেশ, জাপান, কোরিয়ায় দক্ষ কর্মী প্রেরণের উদ্যোগ নেয়া হচ্ছে। 

এক বছরে জাপানে এক লাখ দক্ষ কর্মী প্রেরণ সম্ভব হবে। ইরাকে বৈধভাবে কর্মী যাওয়া শুরু হয়েছে। টিটিসিগুলোতে বিদেশগামী কর্মীদের ভাষা শিক্ষা দেয়া হচ্ছে। কেয়ার গিভার তৈরির প্রশিক্ষণ দেয়া হচ্ছে। সউদী আরবসহ বিভিন্ন দেশের সাথে অভিবাসী কর্মীদের স্বার্থ রক্ষায় চুক্তি করার উদ্যোগ নেয়া হয়েছে। 

আগামী সেপ্টেম্বর মাসে সউদীর সাথে জনশক্তি রফতানি সংক্রান্ত চুক্তি সম্পাদনের সম্ভাবনা রয়েছে। এ চুক্তি খসড়া চূড়ান্ত করা হয়েছে। সউদী স্বরাষ্ট্র মন্ত্রী দেশটির কারাগারে বন্দি এক হাজার ৮৭৬ জন বাংলাদেশিকে মুক্তি দিয়েছেন। দেশটিতে অনিয়মিত নারী কর্মীদের নিয়মিত করার প্রতিশ্রুতি দিয়েছেন সউদী স্বরাষ্ট্রমন্ত্রী।

বুধবার (২১ আগস্ট) প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে প্রবাসী উপদেষ্টা ড. আসিফ নজরুল এসব কথা বলেন। তিনি বলেন, বিদেশগামী কর্মীদের সার্বক্ষণিক সেবাসহ যেসব কর্মপরিকল্পনা নেয়া হয়েছে আগামী দুই থেকে তিন বছরের মধ্যে শ্রমবাজারে উল্লেখযোগ্য সাফল্য আসবে।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, বিএমইটির মহাপরিচালক সালেহ আহমদ মোজাফফর, প্রবাসী উপদেষ্টার সাবেক পি এস সরওয়ার আলম, বিএমইটির এডিজি আবদুল হাই বিপিএএ, যুগ্ম সচিব মো. আশরাফ হোসেন।

আসিফ নজরুল আরো বলেন, মালয়েশিয়ার শ্রমবাজারে সিন্ডিকেট নয়; সকল বৈধ রিক্রুটিং এজেন্সিকে কর্মী প্রেরণের সুযোগ দেয়ার কথা বলেছি। তা’ না হলে অন্যান্য দেশের ন্যায় দেশটিতে কমপক্ষে তিন’শ থেকে পাঁচ’শ এজেন্সির মাধ্যমে কর্মী নেয়ার অনুরোধ জানিয়েছি। আর মাত্র ত্রিশ হাজার কর্মী নিলে বোয়েসেলের মাধ্যমে নেয়ার অনুরোধ জানানো হয়েছে। 

সরকারি উদ্যোগের পরিপ্রেক্ষিতে মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশিদের মাল্টিপোল ভিসা চালু করা সম্ভব হয়েছে। মালয়েশিয়ায় অধ্যায়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা দেশটিতে চাকরি সুযোগ পাবে।

তিনি বলেন, বিদেশগামী কর্মীদের ‘আমি প্রবাসী’ অনলাইনে বিভিন্ন দুর্নীতির কথা শোনা যেতো। আমি প্রবাসীর পরিবর্তে বিএমইটিতে ১০০ শতাংশ নিজস্ব অনলাইন প্লাটফরম তৈরি করা হয়েছে। এতে বিদেশগামী কর্মীরা দুর্নীতি, জালিয়াতি, হয়রানি ও ভোগান্তি ছাড়াই বর্হিগমন ছাড়পত্র সহজেই পাচ্ছেন।

-B

Share this post



Also on Bangladesh Monitor