পিঁপড়ার কামড়ে নাজেহাল ভুটানের প্রিন্স, বিমানের জরুরি অবতরণ

ডেস্ক রিপোর্ট Date: 10 September, 2021
পিঁপড়ার কামড়ে নাজেহাল ভুটানের প্রিন্স, বিমানের জরুরি অবতরণ

যুক্তরাজ্যের লন্ডনের উদ্দেশ্যে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করেছিল এয়ার ইন্ডিয়ার একটি বিমান। কিন্তু উড়াল দেওয়ার কিছুক্ষণ পরই সেখানে শুরু হয় পিঁপড়ার মহাউৎপাত। কোনো উপায় না পেয়ে অবশেষে বিমানটিকে জরুরি অবতরণ করাতে বাধ্য হন পাইলট।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, মাঝ আকাশ থেকে বিমান ঘুরিয়ে জরুরি অবতরণ করানোর পর এর যাত্রীদের অন্য একটি বিমানে ওঠানো হয়। আক্রান্ত বিমানটির যাত্রীদের মধ্যে ভুটানের প্রিন্স জিগমে নামগিয়েল ওয়াংচুকও ছিলেন। তিনিও পিঁপড়ার কামড়ের শিকার হন বলে জানা গেছে।
দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র জানায়, গত সোমবার দুপুর ২টার দিকে লন্ডনের উদ্দেশে রওনা দেয় এয়ার ইন্ডিয়ার ওই বিমানটি। কিন্তু কিছু দূর যাওয়ার পরই বিজনেস ক্লাসের যাত্রীদের ছেঁকে ধরে পিঁপড়া।
এ সময় পিঁপড়ার কামড়ে কেঁদে ফেলেন কোনো কোনো যাত্রী। সঙ্গে সঙ্গে খবর পৌঁছায় পাইলটের কাছে। তিনি এয়ার ট্রাফিক কন্ট্রোলের (এটিসি) সঙ্গে যোগাযোগ করেন। এটিসি থেকে বিমানটি ফিরিয়ে আনতে নির্দেশ দেওয়া হয়।
বিমানটি ফিরে আসার কিছুক্ষণের মধ্যেই যাত্রীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে অন্য একটি বিমানে বিকেল ৫টা ১২ মিনিটের দিকে আবারও লন্ডনের উদ্দেশ্যে রওনা দেন তারা।
সংশ্লিষ্টদের মতে, নানা কারণে বিমানের জরুরি অবতরণ করতে হয়। কিন্তু পিঁপড়ার উৎপাতে বিমানের জরুরি অবতরণ বিরল ঘটনা।
 

Share this post



Also on Bangladesh Monitor