লন্ডন: নানা মূল্যবান কিংবা ঐতিহাসিক গুরুত্ব থাকা জিনিস নিয়ে নিলামের চল অনেকদিনের। তবে এবার ব্যতিক্রমী এক নিলাম অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে ব্রিটিশ নিলাম প্রতিষ্ঠান সোথবিস।
প্রতিষ্ঠানটি এবার নিলামে তুলছে বিশ্বের প্রথম হিউম্যানয়েড রোবটের আঁকা শিল্পকর্ম। প্রতিষ্ঠানটির ডিজিটাল আর্ট সেল বিভাগের অক্টোবরের সংস্করণে উপস্থাপিত হবে ‘এআই-ডা রোবট’ এর আঁকা শিল্পকর্মটি। ধারণা করা হচ্ছে, এর দাম উঠবে ১ লাখ ৩০ হাজার ডলার থেকে প্রায় ২ লাখ ডলার পর্যন্ত। সোথবিসের এই আয়োজনটি চলবে আগামী ৩১ অক্টোবর থেকে ৭ নভেম্বর পর্যন্ত।
‘আল্ট্রা-রিয়েলিস্টিক’ এই রোবট নির্মাণের পেছনে কাজ করা দলটির নেতৃত্ব দিয়েছেন এইডেন মেলার। রোবটটি এমন এক নারীর আদলে নকশা করা, যা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন ড্রয়িং, পেইন্টিং ও ভাস্কর্য তৈরি করতে পারে। এর আঁকা শিল্পকর্মের মধ্যে রয়েছে আধুনিক কম্পিউটার বিজ্ঞানের জনক হিসেবে পরিচিত অ্যালান টিউরিংয়ের প্রতিকৃতি।
‘এআই গড’ শিরোনামের এ বিশাল পোট্রেইটের উচ্চতা সাড়ে সাত ফুট, যা তৈরি হয়েছে বিভিন্ন এআই অ্যালগরিদম দিয়ে। ছবিটি আঁকতে নিজের চোখে থাকা ক্যামেরা ও বায়োনিক হাতের সাহায্য নিয়েছে রোবটটি। চলতি বছর মে মাসে পাঁচ প্যানেলের একটি পেইন্টিংয়ের অংশ হিসেবে এটি প্রথমবার জাতিসংঘে প্রদর্শিত হয়েছিল।
সোথবিসের আসন্ন নিলামে শিল্প ও প্রযুক্তির মধ্যে মেলবন্ধনের বিভিন্ন নজির দেখা যাবে। নিলামে ডিজিটাল শিল্পের এমন অনেক ছবিই উপস্থাপিত হবে, যা এই খাতের চলমান ধারার উন্নতির চিত্র তুলে ধরবে। এ আয়োজনে ডিজিটাল শিল্পের বিবর্তনে ভূমিকা রাখা অগ্রগামী নারী শিল্পীদের শ্রদ্ধা জানানো হবে বলে জানিয়েছে নিলাম কোম্পানিটি।
উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা পদ্ধতি ব্যবহার করে কথা বলে এআই-ডা রোবট। ২০২২ সালের গ্লাস্টনবারি ফেস্টিভালের মূল আকর্ষণ এআই-ডা’র আঁকা বিলি আইলিশ, ডায়ানা রস, কেন্ড্রিক লামার ও স্যার পল ম্যাককার্টনির প্রতিকৃতি। একই বছর ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের ৭০তম বিবাহবার্ষিকী উপলক্ষে তার একটি প্রতিকৃতি তৈরি করেছিল রোবটটি। এমনকি কৃত্রিম বুদ্ধিমত্তার রোবট নিয়ে কাজ করা দেশটির পার্লামেন্টারি কমিটিকে সৃজনশীল খাতে এই প্রযুক্তির সম্ভাব্যতার বিষয়ে নজির দেখিয়েছিল প্রথম এআই চালিত রোবট এআই-ডা। তবে এবার নিজের আঁকা শিল্পকর্ম নিলামে উঠিয়ে ব্যতিক্রমী এক রেকর্ডই গড়তে যাচ্ছে রোবটটি।
-B