বাগদাদ বিমানবন্দর সাময়িক বন্ধ ঘোষণা

-মনিটর অনলাইন Date: 25 February, 2026
বাগদাদ বিমানবন্দর সাময়িক বন্ধ ঘোষণা

ঢাকাঃ  ইরাকের রাজধানীতে বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে সাময়িকভাবে উড়োজাহাজ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। 

ইরাকি পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, কোনো নিরাপত্তা হুমকি নয়, বরং ‘জরুরি কারিগরি ত্রুটির’ কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিমানবন্দর বন্ধের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা গুঞ্জন ছড়িয়ে পড়লে কর্তৃপক্ষ বিষয়টি স্পষ্ট করে। কর্মকর্তারা জোর দিয়ে বলেন, কার্যক্রম বন্ধের বিষয়টি সম্পূর্ণ কারিগরি এবং ইতোমধ্যে মেরামতের কাজ শুরু হয়েছে।

ইরাকের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানায়, মন্ত্রণালয়ের মুখপাত্র মেথাম আলসাফি বলেন, ত্রুটিটি ধরা পড়ার পর দ্রুত ‘সতর্কতামূলক ব্যবস্থা’ নেওয়ার প্রয়োজন ছিল। কারিগরি দল ইতোমধ্যে পরীক্ষা-নিরীক্ষা ও মেরামতের কাজ শুরু করেছে।

তিনি আরো জানান, রক্ষণাবেক্ষণ কাজ এবং চূড়ান্ত পরীক্ষা শেষ হলে ‘কয়েক ঘণ্টার মধ্যেই’ বিমানবন্দরটি পুনরায় খুলে দেওয়া হবে।

বিমানবন্দর বন্ধের পেছনে অভ্যন্তরীণ বা বিদেশি কোনো নিরাপত্তা ঝুঁকির দাবি নাকচ করে দিয়েছেন আলসাফি। এসব খবরকে ভিত্তিহীন আখ্যা দিয়ে তিনি সংবাদমাধ্যমগুলোকে সরকারি সূত্রের মাধ্যমে তথ্য যাচাই করার আহ্বান জানান।

-B

Share this post



Also on Bangladesh Monitor