বি‌দেশ ভ্রমণে এনডোর্সমেন্ট সহজতর করল বাংলাদেশ ব্যাংক

- মনিটর অনলাইন রিপোর্ট Date: 24 September, 2021
বি‌দেশ ভ্রমণে এনডোর্সমেন্ট সহজতর করল বাংলাদেশ ব্যাংক

ঢাকাঃ বি‌দেশ ভ্রমণের ক্ষেত্রে এনডোর্সমেন্ট প্রক্রিয়া সহজতর করে‌ছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে পাসপোর্টের মেয়াদ যত‌বছরের থাক‌বে ততবছ‌রের জন্য একসাথে বৈ‌দে‌শিক মুদ্রার এনডোর্সমেন্ট করা‌ যাবে।

২৩ সে‌প্টেম্বর বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত এক‌টি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুমোদিত ডিলার (এডি) ব্যাংক সংশ্লিষ্ট নিবাসী বাংলাদেশি ব্যক্তির অনুকূলে তার পাসপোর্টের মেয়াদ থাকাকালীন আন্তর্জাতিক কার্ডে বৈদেশিক মুদ্রা ছাড় ও নির্ধারণ করতে পারবে। ত‌বে এডি ব্যাংককে নির্দিষ্ট কয়েকটি শর্ত মেনে চলতে হবে।

বছরে ১২ হাজার ডলারের বেশি খরচ করতে পারবে না। ভ্রমণ কোটার অব্যবহৃত অংশ পরবর্তী বছরে স্থানান্তর করা যাবে না।

এছাড়া বিদেশে চাকরি ও ইমিগ্র্যান্ট হিসেবে কিংবা শিক্ষার জন্য বিদেশ ভ্রমণের ক্ষেত্রে পাসপোর্টের মেয়াদকালীন এনডোর্সমেন্ট করা যাবে না বলে সার্কুলারে বলা হয়েছে। তবে সম্পূরক কার্ডধারী ব্যক্তি তার ভ্রমণ কোটার আওতায় এ সুবিধা পাবে।

বিজ্ঞপ্তিতে পাসপোর্টের মেয়াদ থাকাকালীন বৈদেশিক মুদ্রা ছাড় বা নির্ধারণ সুবিধা গ্রহণ করা না হলে কার্ডের মাধ্যমে বৈদেশিক মুদ্রা ছাড়ের ক্ষেত্রে ঘটনাত্তর এনডোর্সমেন্ট করার সুবিধা রাখার কথাও বলা হয়েছে।

এছাড়া, যৌক্তিক কারণে কার্ডের মাধ্যমে ভ্রমণ ব্যয় বাৎসরিক কোটা সীমা অতিক্রম করলে ওই অর্থ গ্রাহকের নিবাসী বৈদেশিক মুদ্রা হিসাবের স্থিতি দ্বারা সমন্বয়ের সুযোগ রাখা হয়েছে। এ জাতীয় হিসাব না থাকলে পরবর্তী বছরের ভ্রমণ কোটার সঙ্গে সর্বোচ্চ ৫০০ মার্কিন ডলার সমন্বয় করা যাবে।

 

Share this post



Also on Bangladesh Monitor